খুন
কাশ্মীর হামলার পরে তিন জঙ্গির স্কেচ প্রকাশ, প্রধান চক্রী আদিল গুরু পাকিস্তানে লুকিয়ে
ডিজিটাল ডেস্কঃ নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যেও ফের রক্তাক্ত হল কাশ্মীর উপত্যকা। পর্যটকে ঠাসা পহেলগাঁওয়ের বুকে বর্বর হামলার পর কেঁপে উঠেছে গোটা দেশ। নিহত ২৬ জনের স্মৃতিতে শোকস্তব্ধ জাতীয় মঞ্চ। এই ভয়াবহ হামলার নেপথ্যে যারা রয়েছে, তাদের শনাক্ত করতে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রকাশ্যে আনা হল সন্দেহভাজন তিন জঙ্গির স্কেচ ও ছবি। জঙ্গিদের নাম প্রকাশ্যে এসেছে—আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। তাদের কোডনেম যথাক্রমে—মুসা, ইউনুস ও আসিফ।
🚨 Pahalgam terror attack — Sketch of the terrorists released.
If you recognize them or have any information — immediately inform the Security Agencies.
— Share MAX…! pic.twitter.com/0poAPPxm7s
— Megh Updates 🚨™ (@MeghUpdates) April 23, 2025
গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, হামলার মূল চক্রী আদিল গুরু নামে এক কুখ্যাত জঙ্গি, যে বর্তমানে পাকিস্তানে আশ্রয় নিয়েছে। আদিল এর আগেও একাধিক হামলার ছক কষেছে, পুঞ্চ-সহ সীমান্তবর্তী এলাকায় যার তৎপরতা আগেও ধরা পড়েছিল। গোয়েন্দা রিপোর্ট বলছে, হামলাকারীরা পাকিস্তানের কিশতওয়ার অঞ্চল পেরিয়ে উপত্যকায় প্রবেশ করেছিল। চেহারার বর্ণনার ভিত্তিতে তৈরি স্কেচ ও হাতে AK-47 সহ সন্দেহভাজনদের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত নিরাপত্তা সংস্থায়।
সূত্রের খবর, এই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। হামলার পর একাধিক চাঞ্চল্যকর ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যেখানে জঙ্গিদের অস্ত্র হাতে দেখা যায়। গোয়েন্দা দফতর জানাচ্ছে, হামলার আগে পর্যটকদের ধর্মপরিচয় জানতে চাওয়া হয় এবং তার পরই চালানো হয় নির্মম হত্যালীলা।
উপত্যকার পরিবেশ এখন পুরোপুরি নিরাপত্তার চাদরে মোড়া। পর্যটকদের দ্রুত ঘরে ফেরাতে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিশেষ নির্দেশ জারি করেছে বিমান সংস্থাগুলিকে। পাশাপাশি, দিল্লি, মুম্বই-সহ বড় শহরগুলিতে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। চিরুণি তল্লাশি চলছে গোটা কাশ্মীরে। এই মুহূর্তে জাতীয় নিরাপত্তার শীর্ষ অগ্রাধিকার হয়ে উঠেছে পহেলগাঁও হামলার নেপথ্যের শক্তিকে চিহ্নিত করে ধ্বংস করা।
