দেশ
বিনোদন নয়, এবার ব্লক তালিকায় পাক তারকারা ভারতীয় সোশ্যাল মিডিয়ায়
ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগাম হামলার পর ভারত-পাক সম্পর্ক নতুন করে উত্তপ্ত। এই পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিল ভারত। আবারও সোশ্যাল মিডিয়াতে তার প্রতিফলন দেখা গেল। একাধিক জনপ্রিয় পাকিস্তানি সেলিব্রিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। যাঁদের প্রোফাইল এখন আর ভারতের ইউজাররা দেখতে পাচ্ছেন না, তাঁদের তালিকায় রয়েছেন হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সনম সঈদ, সজল আলি, ইমরান আব্বাস, ইকরা আজিজ প্রমুখ।
ভারতীয় ইউজাররা ওই প্রোফাইলগুলিতে ঢুকলে এখন দেখা যাচ্ছে: “এই অ্যাকাউন্টটি ভারতে পাওয়া যাচ্ছে না। এটি আইনি অনুরোধে সীমাবদ্ধ করা হয়েছে।” অর্থাৎ সরকারিভাবে কোনও নির্দেশের জেরেই এই অ্যাকশন নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ অযোধ্যায় পাক সেনা গাঁথবে বাবরি মসজিদের প্রথম ইঁট— বিস্ফোরক দাবি পাক সেনেটরের
উল্লেখযোগ্যভাবে এখনও পর্যন্ত আতিফ আসলাম বা সাবা কামারের মতো জনপ্রিয় মুখদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা রয়েছে। তবে তাঁদের দিকেও নজরদারি চলছে বলে সূত্রের দাবি। উরি হামলার পরে পাকিস্তানি শিল্পীদের নিয়ে ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রিতে যে নিষেধাজ্ঞার আবহ তৈরি হয়েছিল, তা কিছুটা সময়ের জন্য হালকা হয়েছিল। সুপ্রিম কোর্টও তখন এ বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু পহেলগাম হামলার পর ফের সেই পুরনো আবহে ফিরে গেল পরিস্থিতি। এই হামলার পর শুধুই সোশ্যাল মিডিয়ায় নয়, বলিউডেও এর আঁচ এসে পৌঁছেছে। ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ‘আবির গুলাল’ ছবি ভারতে নিষিদ্ধ হয়েছে। একইসঙ্গে ইউটিউব থেকেও এই ছবির গান সরিয়ে ফেলা হয়েছে বলে খবর। এমনকি এই ছবি পাকিস্তানেও মুক্তি পাচ্ছে না বলে জানা গিয়েছে।
দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে পাঞ্জাবি ছবিতে কাজ করার কথা ছিল হানিয়া আমিরের। ‘সর্দারজি ৩’ ছবিতে তাঁকে দেখা যাওয়ার কথা ছিল নায়িকার ভূমিকায়। কিন্তু সূত্র বলছে, পহেলগামের ঘটনার পর হানিয়াকে সেই প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে পর্যটকদের লক্ষ্য করে জঙ্গি হামলা চালানো হয়। এই হামলার দায় নেয় লস্কর-ই-তইবার শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। ঘটনার পরপরই ভারত কড়া অবস্থান নেয় পাকিস্তানের বিরুদ্ধে— বাতিল হয় সার্ক ভিসা, সীমিত করা হয় পাকিস্তানি নাগরিকদের প্রবেশাধিকার। এবার সেই প্রতিক্রিয়ার জেরেই নেটমাধ্যমেও চাপ বাড়ল পাকিস্তানি শিল্পীদের উপর।
