ভাইরাল খবর
চারদিনের মাথায় ফের চর্চায় হেলমেট! এবার সুরক্ষাকবচ ধৃত প্রাক্তন বিধায়কের মাথায়
ডিজিটাল ডেস্কঃ কয়েকদিন আগেই জনতার রোষ (Public Wrath) থেকে বাঁচাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেলমেট পরানো হয়েছিল। ইটের আঘাত থেকে হেলমেটই রক্ষা করেছিল তাঁকে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার জনরোষ থেকে রক্ষা করতে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক (Former MLA) খোকন দাসকে হেলমেট পরাল পুলিশ। মঙ্গলবার বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ককে বর্ধমান আদালতে (Burdwan Court) তোলার সময় এই নজিরবিহীন দৃশ্য দেখা যায়। আদালত চত্বরে পৌঁছনোর আগেই গাড়ির ভেতরে তাঁকে হেলমেট পরিয়ে তড়িঘড়ি এজলাসে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খোকন দাসের বিরুদ্ধে তোলাবাজি (Extortion), হুমকি, মারধর এবং ভোট-পরবর্তী হিংসা সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
এবারের নির্বাচনে বর্ধমান দক্ষিণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান খোকন দাস। ভোটের ফল প্রকাশের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অবশেষে উত্তর প্রদেশের দীনদয়াল উপাধ্যায় জংশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার (Arrest) করার পর ট্রানজিট রিমান্ডে (Transit Remand) পূর্ব বর্ধমানে নিয়ে আসে পুলিশ। সোমবার বর্ধমান থানায় রাখার পর মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়।
প্রাক্তন বিধায়কের এই গ্রেফতারিকে ঘিরে কাঞ্চননগরে তাঁর বাড়ির সামনে তীব্র উল্লাসের ছবি ধরা পড়েছে। স্থানীয়দের একাংশ বিজেপির পতাকা (BJP Flag) হাতে নিয়ে, গেরুয়া আবির মেখে আনন্দে মেতে ওঠেন। এমনকি রাস্তায় ডিজে (DJ) বাজিয়ে ‘খোকন চোর’ গানে স্থানীয় মহিলাদেরও নাচতে দেখা যায়। তদন্তের স্বার্থে পুলিশ খোকন দাসকে নিজেদের হেফাজতে (Police Custody) নেওয়ার আবেদন জানিয়েছে।


