ব্রহ্মস ইউনিট উদ্বোধনে বার্তা রাজনাথের: ‘সিঁদুর মুছলে জবাব দেব গুলি-গোলায়’
Connect with us

হামলা

ব্রহ্মস ইউনিট উদ্বোধনে বার্তা রাজনাথের: ‘সিঁদুর মুছলে জবাব দেব গুলি-গোলায়’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: জাতীয় প্রযুক্তি দিবসে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হল। রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশে ‘ব্রহ্মস’ (BrahMos) ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্রের উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। লখনউ সফর বাতিল করে দিল্লি থেকেই ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন তিনি।

উদ্বোধনী ভাষণে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আজকের দিনটি দেশের জন্য গর্বের। জাতীয় প্রযুক্তি দিবসে এই ইউনিটের সূচনা আমাদের আত্মনির্ভর প্রতিরক্ষা নীতিকে আরও শক্তিশালী করবে।” তিনি উল্লেখ করেন, ১৯৯৮ সালের এই দিনেই পোখরানে ভারতের পরমাণু পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছিল, যা দেশের সামরিক ইতিহাসে মাইলফলক হয়ে আছে।

প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা এই নতুন ইউনিটে বছরে ১০০টিরও বেশি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব হবে। এর পাশাপাশি উন্নততর প্রযুক্তি-সমৃদ্ধ ১০০-১৫০ নতুন প্রজন্মের ব্রহ্মসও (Next-gen BrahMos) নির্মাণ করা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পের জন্য উত্তরপ্রদেশ সরকার ৮০ হেক্টর জমি বরাদ্দ করেছে। ব্রহ্মস প্রকল্প ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগ।

আরও পড়ুনঃ সন্ত্রাসে মদত দিলে ছাড় নয়, গুলি চললে চলবে গোলা—ভারতের স্পষ্ট বার্তা

Advertisement
ads

এদিন ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়েও কড়া বার্তা দেন রাজনাথ সিং। তিনি বলেন, “যারা দেশের ‘সিঁদুর’ মুছতে চেয়েছে, তাদের আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও দেব। এই অপারেশন শুধুই সামরিক পদক্ষেপ নয়, এটি ভারতের সংকল্প ও জাতীয় নিরাপত্তার প্রতীক।”

২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। তারপরই ৭ মে ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনার যৌথ অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। এই পাল্টা হামলার মাধ্যমে স্পষ্ট বার্তা দেয় ভারত যে, সন্ত্রাসের বিরুদ্ধে দেশ জিরো টলারেন্স নীতিতে অনড়।

পরে দু’দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হলেও বাস্তবে পাকিস্তানের উস্কানি থামেনি। সংঘর্ষবিরতির কিছুক্ষণের মধ্যেই সীমান্তে গুলি চালায় পাক সেনা। জম্মু ও কাশ্মীরের অন্তত ১১টি সীমান্ত চৌকিতে ছোড়া হয় গুলি ও মর্টার। এমনকি সীমান্তে ড্রোন হানার চেষ্টাও চলে বলে সেনা সূত্রে জানা যায়। সীমান্ত জুড়ে এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে।

ভারতের প্রতিরক্ষা মহলের মতে, ‘অপারেশন সিঁদুর’ শুধু সামরিক জবাব নয়, কূটনৈতিক এবং কৌশলগত স্তরেও পাকিস্তানকে চাপে রাখার বার্তা। ক্ষেপণাস্ত্র উৎপাদনেও ব্রহ্মসের নতুন ইউনিট ভারতের শক্তি বাড়াবে বহু গুণ।

Advertisement
ads
Continue Reading
Advertisement