উত্তরবঙ্গ
‘সোনার মেয়ে’র বাড়িতে আগুন! বিস্ফোরক অভিযোগ রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্নার
ডিজিটাল ডেস্কঃ এশিয়ান গেমসে (Asian Games) সোনাজয়ী (Gold Medalist) অ্যাথলিট তথা রাজগঞ্জের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী স্বপ্না বর্মনের (Swapna Barman) বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে (Jalpaiguri)। পাশাপাশি তাঁকে গণধর্ষণের হুমকি (Gangrape Threat) দেওয়া হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।
শুক্রবার রাতে নিজের ফেসবুক (Facebook) পোস্টে প্রথম আগুন লাগার খবর জানান স্বপ্না। পরে একটি ভিডিও বার্তায় কান্নাজড়িত গলায় তিনি দাবি করেন, ভোটে হারার পর থেকেই তাঁকে ও তাঁর পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি কিছু কমবয়সী ছেলে তাঁকে ধর্ষণের হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জানা গিয়েছে, রাজগঞ্জের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় স্বপ্নার দুটি বাড়ি রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ তাঁর পুরনো ফাঁকা বাড়িটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police) ও দমকল (Fire Brigade)। বাইরে প্রবল বৃষ্টি থাকায় আগুন বাইরে ছড়াতে পারেনি। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ সূত্রে খবর, ঘরের ভিতরে রাখা জ্বালানি কাঠ ও কিছু নথিপত্রে আগুন লাগে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র (Political Conspiracy) রয়েছে বলেই সন্দেহ প্রকাশ করেছেন স্বপ্না বর্মন।
প্রসঙ্গত, চলতি বিধানসভা নির্বাচনে রাজগঞ্জ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন স্বপ্না। বিজেপি (BJP) প্রার্থী দীনেশ সরকারের কাছে তিনি ২১ হাজারের বেশি ভোটে পরাজিত হন। ভোটের ফল প্রকাশের পর থেকেই তাঁর পরিবারকে নিশানা করা হচ্ছিল বলে দাবি করেছেন তিনি। শনিবার এ বিষয়ে এফআইআর (FIR) দায়ের করবেন বলেও জানিয়েছেন স্বপ্না বর্মন।
