উত্তর দিনাজপুর
ধুলো ময়লায় অবহেলায় পড়ে যুগ পুরুষ স্বামী বিবেকানন্দর মূর্তি, সাফাইয়ের কাজে হাত লাগাল কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ১১ জানুয়ারী : বাংলার মনীষীদের নিয়ে রাজনীতি নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকে এই চিত্রই দেখে আসছে দেশের জনগণ। সারা বছর মনীষীদের আবক্ষ ও পূর্ণাবয়ব মূর্তিগুলি অবহেলায় ধুলো ময়লায় পড়ে থাকে। কিন্তু তাদের জন্মদিন এগিয়ে এলেই তড়িঘড়ি করে মূর্তি গুলো পরিষ্কার করা হয়। সোমবার সেই ছবিই দেখা গেল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে।
মঙ্গলবার যুগ পুরুষ স্বামী বিবেকানন্দর জন্মদিন। অথচ কালিয়াগঞ্জের শহরের প্রাণ কেন্দ্র বিবেকানন্দ মোড়ে তাঁর পূর্ণাবয়ব মূর্তিটি অবহেলায় পড়েছিল ৷ দীর্ঘদিন পরিষ্কারের অভাবে ধুলো ময়লা ভরে গিয়েছিল মূর্তিটি৷ স্বামী বিবেকানন্দ বাঙালি তথা দেশের মানুষের গর্ব। তাঁর আদর্শ এবং বাণী আজও অনুসরণ করে চলে যুব সমাজ ও ছাত্রছাত্রীরা। অথচ তাঁর মূর্তি কেন দিনের পর দিন অবহেলায় পড়ে থাকবে তা নিয়ে উঠছে প্রশ্ন। অবশেষে সোমবার বিকেলে স্বামী বিবেকানন্দর মূর্তি পরিষ্কারের কাজে হাত লাগায় কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত বলেন, স্বামী বিবেকানন্দর মূর্তিটি অবহেলায় পড়েছিল। জন্মদিন উপলক্ষ্যে তারাই পরিষ্কারের কাজে হাত লাগান।
