প্রতারণা
প্রেমের অভিনয়ে প্রতারণা, দুই বছরে মুম্বইয়ের বৃদ্ধের ৯ কোটি টাকা গায়েব
ডিজিটাল ডেস্কঃ প্রেম (Love) আর যৌনতার (Sex) প্রলোভন কখনও কখনও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। মুম্বইয়ের এক অবসরপ্রাপ্ত বৃদ্ধ এর নির্মম উদাহরণ হয়ে উঠেছেন। মাত্র দুই বছরে তিনি প্রতারণার জালে ফেঁসে গচ্ছিত ৯ কোটি টাকা হারিয়েছেন বলে অভিযোগ।
ঘটনার শুরু ২০২৩ সালে। ‘শার্ভি’ (Sharvi) নামে এক মহিলা ফেসবুকে ওই বৃদ্ধকে Friend Request পাঠান। প্রথমে সাধারণ আলাপচারিতা, পরে ঘনিষ্ঠতা— এমনকি শার্ভি দাবি করেন, তিনি স্বামীর থেকে আলাদা থাকেন এবং সন্তানদের অসুস্থতার জন্য আর্থিক সাহায্য প্রয়োজন। বৃদ্ধ সহানুভূতিশীল মন নিয়ে টাকা পাঠাতে শুরু করেন।
এরপর ‘কবিতা’ (Kavita) নামে আরও এক মহিলা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, নিজেকে শার্ভির পরিচিত বলে পরিচয় দেন। আলাপ গাঢ় হওয়ার সঙ্গে সঙ্গে কবিতা অশ্লীল ছবি পাঠিয়ে সম্পর্ককে আরও জটিল করে তোলেন। একে একে আরও দুই মহিলার সঙ্গে বৃদ্ধের পরিচয় হয়—প্রতিটি ক্ষেত্রেই প্রেম ও যৌনতার টোপ দিয়ে নানা অজুহাতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়।
আরও পড়ুনঃ বাথরুমে মোবাইল ব্যবহার? পাইলস (Hemorrhoids) ও আরও নানা বিপদের সম্ভাবনা!
প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত বৃদ্ধ অবশেষে গত জুলাই মাসে পুলিশের দ্বারস্থ হন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চক্রের নেপথ্যে আসলে একজনই রয়েছে, যিনি বিভিন্ন নামে ও ভিন্ন পরিচয়ে বৃদ্ধের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। টাকা হাতানোর জন্য সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়।
এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তবে সাইবার ক্রাইম শাখা (Cyber Crime Wing) সক্রিয়ভাবে তদন্ত চালাচ্ছে। পুলিশ সতর্ক করেছে— অনলাইনে অচেনা ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়তে গিয়ে ব্যক্তিগত তথ্য ও অর্থনৈতিক লেনদেনের বিষয়ে চরম সতর্কতা অবলম্বন করতে হবে।
