উত্তর দিনাজপুর
রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ স্বনির্ভরগোষ্ঠীর সদস্যদের
নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ২১ জানুয়ারী : স্বনির্ভর গোষ্ঠী পরিচালনা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্বনির্ভরগোষ্ঠীর সদস্যরা। বৃহস্পতিবার এ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় এলাকায়। ব্লক প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।
ব্লক প্রশাসনের উদাসীনতার কারণে দুর্নীতিতে ভরে গেছে স্বনির্ভর গোষ্ঠীগুলি।’ এই অভিযোগ তুলে বৃহস্পতিবার শহরের বিবেকানন্দ মোড়ে রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচিতে নামল কালিয়াগঞ্জ ব্লকের বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা রাস্তায় বসে তুমুল বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ,’ঋণ নিতে গেলে সিএসপিরা কাটমানি নিচ্ছে তাদের কাছ থেকে। ব্লকে স্বনির্ভরগোষ্ঠীর সদস্যদের জন্য যে সমস্ত প্রশিক্ষণ হয় সেখানে তাদের কোনো সুযোগ দেওয়া হয় না। প্রশিক্ষণ নেওয়ার পরেও স্কুল পোশাক তৈরির দায়িত্ব তাদের হাতে দেওয়া হচ্ছে না। ঠিকাদাররা কমিশন দিয়ে স্কুল ড্রেস তৈরির বরাত নিচ্ছে। শুধু তাই নয়, স্বনির্ভরগোষ্ঠীগুলির পরিচালনা বোর্ডেরও দীর্ঘদিন ধরে কোনো ভোট হয় না। এব্যাপারে ব্লক প্রশাসনকে একাধিকার ডেপুটেশন দিলেও কোনো কাজ হয় নি। তার প্রতিবাদে এদিন আগুন জ্বালিয়ে অবরোধ করেন স্বনির্ভরগোষ্ঠীর সদস্যরা। এদিনের অবরোধের জেরে বালুরঘাট-রায়গঞ্জ রাজ্য সড়ক স্তব্ধ হয়ে পড়ে। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। কিন্তু আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় থাকায় দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে। যদিও এব্যাপারে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
