দক্ষিণ দিনাজপুর
নয়ানজুলি থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
হরিরামপুর , ১৮ মে : এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার অন্তর্গত শিরশী গ্রাম পঞ্চায়েতের দানগ্রাম জোড়া ব্রিজের কাছে৷ পুলিশ জানিয়েছে পঞ্চাশোর্ধ মৃত ঐ ব্যক্তির নাম লেচু মুদি৷
মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ লেচু মুদি ও তার স্ত্রী গণ মুদি নিজেদের বাড়ির গৃহপালিত পশুর খাবার যোগাড়ের উদ্দেশ্যে দানগ্রাম জোড়া ব্রিজের পাশে রাস্তার ধারের নয়ানজুলিতে কচু গাছ কাটার জন্য জলে নামেন৷ লেচু মুদি কচুগাছ কেটে স্ত্রীকে বাড়িতে রেখে আসতে বলেন৷ সেই মতো গণ মুদি কাটা কচু গাছ গুলো কে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন৷ কিন্তু কিছু সময় বাদে স্ত্রী গণ মুদি ফিরে এসে দেখেন তার স্বামী সেখানে নেই৷ স্বামী অন্য কোথাও গিয়েছে ভেবে তিনি তখন বাড়ি চলে যান৷ এরপরেই নয়নজুলিতে তার মৃতদেহ ভাসতে দেখেন এলাকার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হরিরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। কিভাবে তার মৃত্যু হল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
