ভাইরাল খবর
সভাপতি নির্বাচন ঘিরে ফেসবুক পোস্টে বিতর্ক, প্রকাশ্যে তৃণমূল ছাত্রনেতার ক্ষোভ
ডিজিটাল ডেস্কঃ বসিরহাট (Basirhat) সাংগঠনিক জেলা কমিটির ব্লক ও টাউন সভাপতির নাম ঘোষণা এখনও হয়নি। তার আগেই ছাত্র সংগঠনের এক নেতার ফেসবুক (Facebook) পোস্ট ঘিরে অস্বস্তিতে বারাসত (Barasat) ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
বিতর্কের কেন্দ্রে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) বারাসত ২ নম্বর ব্লকের সভাপতি মাফুজা রহমান (Mafuja Rahman)। সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক পোস্টে তিনি লেখেন, “বারাসত ব্লক ২ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসাবে জেলা নেতৃত্বের কাছে আমার আবেদন, কোনও দালালের চোখ দিয়ে ব্লক না দেখে গ্রাসরুট লেভেলে (grassroot level) থেকে খোঁজ নিন।”
এরপরই তাঁর আরও তীব্র সংযোজন, “কোনো অযোগ্য ব্যক্তি টাকার বিনিময়ে সভাপতি হলে বিরোধীরা আবার মায়েদের কোলশূন্য করবে, আমরা চাই না আর কোনো কর্মীকে হারাতে।” তিনি যোগ করেন, “আমরা চাই, যোগ্য, শিক্ষিত, সৎ, নিষ্ঠাবান, কর্মীদের সহযোগী, বিরোধীদের চক্ষুশূল এমন একজন সভাপতি।”
এই পোস্ট প্রকাশ্যে আসতেই দ্রুত ছড়িয়ে পড়ে। তৃণমূলের অন্দরেই গুঞ্জন শুরু হয়ে যায়— কোন “দালাল” (broker), কারা “টাকার বিনিময়ে” সভাপতি হতে চাইছে? এমন মন্তব্যে যথেষ্ট অস্বস্তি ছড়িয়েছে দলের মধ্যেই।
যদিও বিতর্ককে থোড়াই কেয়ার করছেন মাফুজা। তাঁর বক্তব্য, “২০২২ সাল থেকে ব্লকের ছাত্র সংগঠনের দায়িত্বে আছি। নিচুতলার মানুষের মতামত নিয়েই এই পোস্ট করেছি। যা লিখেছি, তাতে অনড়।”
পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা চরমে। বিরোধীরা বিষয়টিকে হাতিয়ার করে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তীব্র কটাক্ষ করছে।
তবে গোটা ঘটনায় কৌশলী অবস্থান নিয়েছেন রাজ্যের মন্ত্রী ও এলাকার বিধায়ক রথীন ঘোষ (Rathin Ghosh)। তাঁর মন্তব্য, “এটি দলের অভ্যন্তরীণ বিষয়। যা বলার দলের ভিতরেই বলব।”
সাংগঠনিক পদে কাকে বসানো হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না হওয়ায় জল্পনা তুঙ্গে। এর মাঝে ছাত্রনেতার এমন প্রকাশ্য প্রতিবাদে দলের মধ্যেই তৈরি হয়েছে চাপানউতোর।


