আবহাওয়া
উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে ধস-বন্যা, সোমবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন পরিস্থিতি খতিয়ে দেখতে
ডিজিটাল ডেস্কঃ টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রবল বর্ষণে ধস, নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি, বহু রাস্তা বন্ধ, এলাকাজুড়ে প্লাবন পরিস্থিতি। এমন দুঃসময়ে সোমবার উত্তরবঙ্গে (North Bengal) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) মনোজ পন্থ। নিজেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আগামীকাল দুপুর তিনটের মধ্যে উত্তরবঙ্গে পৌঁছব। দুর্যোগে সবাইকে পাশে থাকতে হবে।”
শনিবার রাতভর প্রবল বর্ষণের ফলে উত্তরের একাধিক জেলা যেমন কালিম্পং (Kalimpong), দার্জিলিং (Darjeeling), শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ারে (Alipurduar) দেখা দিয়েছে ধস (landslide), জলমগ্নতা (flooding), রাস্তা বন্ধ এবং মৃত্যু পর্যন্ত।
দুধিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক-শিলিগুড়ি সংযোগকারী সেতু। তিস্তা বাজারে নদীর জলে ভেসে গিয়েছে একাধিক এলাকা। শিলিগুড়ির পোড়াঝাড়ে (Porajhar) বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। ফুলবাড়িতে (Fulbari) মহানন্দা ক্যানেল (Mahananda Canal) ভয়াবহ রূপ নিয়েছে।
২৯ মাইল এলাকার বালুওয়াখানি অঞ্চলে তিস্তার জল প্রবেশ করেছে। গলগলিয়া (Golgolia), নেপাল সীমান্ত সংলগ্ন এলাকাও প্লাবিত।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী রাজ্যের উত্তরবঙ্গের ডিএমদের (DM) সঙ্গে ভারচুয়াল বৈঠক করে জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,
-
ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে
-
উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে
-
মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে
-
পর্যটকদের হোটেল ছাড়তে নিষেধ করা হয়েছে
এই দুর্যোগে রাজ্য সরকার যে সাধারণ মানুষের পাশে রয়েছে, তা বারবার জানান দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে, সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) উত্তরবঙ্গের দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন— পরিস্থিতির সময় মানুষের পাশে থাকতে হবে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে স্থানীয় মানুষকে সাহায্য করতে হবে।
উত্তরবঙ্গে এমন প্রাকৃতিক দুর্যোগে শাসকদল প্রশাসন এবং দলীয় স্তর— দুই দিক থেকেই সক্রিয়। সোমবার মুখ্যমন্ত্রীর সফরে আরও বিস্তারিত পদক্ষেপ ও তৎপরতা দেখা যাবে বলেই আশা।


