সোশ্যাল মিডিয়া
উর্বশীর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়, ক্ষুব্ধ বদ্রীনাথ ধামের পুরোহিত ও স্থানীয়রা
ডিজিটাল ডেস্কঃ উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের নিকট ‘উর্বশী মন্দির’ নিয়ে অভিনেত্রী উর্বশী রৌতেলার সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেন, বদ্রীনাথ সংলগ্ন অঞ্চলে তাঁর নামে একটি মন্দির রয়েছে, যেখানে নাকি ভক্তরা তাঁকে ‘দামদামামাই’ নামে সম্বোধন করে পুজো দেন।
এই মন্তব্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় ধর্মীয় মহলে। বদ্রীনাথ ধামের বহু পুরনো ঐতিহ্যকে ঘিরে এমন দাবি করা যথেষ্ট ‘আপত্তিকর’ বলে মনে করছেন স্থানীয় পুরোহিত ও ধর্মীয় ব্যক্তিত্বরা। প্রাক্তন প্রধান পুরোহিত ভুবন চন্দ্র উনিয়াল সাফ জানিয়েছেন, “এটি কোনও ব্যক্তিবিশেষের নামে নির্মিত মন্দির নয়। একে ঘিরে এমন দাবিদাওয়া ভ্রান্ত এবং বিভ্রান্তিকর।”
উল্লেখ্য, বামনি গ্রামে অবস্থিত উক্ত মন্দিরটি হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এক গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হিসেবে বিবেচিত। উর্বশীর বক্তব্যে এই পবিত্র স্থানের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ‘ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত সমাজ’-এর সভাপতি অমিত সতী বলেন, “এই ধরনের মন্তব্য ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করে। প্রশাসনের উচিত এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়া।”
এদিকে, বামনি ও পার্শ্ববর্তী পাণ্ডুকেশ্বর গ্রামের বাসিন্দারাও উর্বশীর মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন। তাঁদের কথায়, “এই মন্দির বহু প্রাচীন এবং লোকবিশ্বাসে পূর্ণ। সেখানে এক বলিউড তারকার নামে তা চালানো বা দাবি করা সম্পূর্ণ অনুচিত।”
অন্যদিকে, দক্ষিণ ভারতে নিজের অভিনয়জীবনের অবদান তুলে ধরে উর্বশী বলেছেন, তাঁর মতে সেই অঞ্চলেও তাঁর নামে মন্দির থাকা উচিত। যদিও এই বক্তব্যকেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
ধর্মীয় স্থানের মর্যাদা নিয়ে এমন মন্তব্য কতটা যুক্তিযুক্ত—এই প্রশ্নই এখন উঠছে সর্বত্র। বিশিষ্টজনেরা মনে করছেন, জনপ্রিয়তার মোহে এভাবে প্রাচীন ধর্মীয় ঐতিহ্যকে ব্যবহার করাটা একেবারেই অনুচিত ও দায়িত্বজ্ঞানহীন।
