রাজ্যের খবর
বিজেপি নেত্রীকে সভাপতি করার জল্পনায় তুঙ্গে বিতর্ক, পোস্টার ছড়াল নদিয়ায়
ডিজিটাল ডেস্কঃ নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় বিজেপির নেতৃত্বে রদবদলের সম্ভাবনা ঘিরে তীব্র বিতর্ক। শোনা যাচ্ছে, এবার জেলার শীর্ষ নেতৃত্বে মহিলা মুখ আনতে চলেছে গেরুয়া শিবির। সেই সূত্রেই বিজেপির একাংশের দাবি, নবদ্বীপের বাসিন্দা তথা রানাঘাট সাংগঠনিক জেলার নেত্রী অপর্ণা নন্দী হতে চলেছেন নতুন জেলা সভাপতি।
এই জল্পনার মাঝেই রবিবার সকালে রানাঘাট বিজেপি পার্টি অফিস সংলগ্ন একাধিক এলাকায় পড়ে গেল পোস্টার। সেখানে স্পষ্ট ভাষায় লেখা— “অপর্ণা নন্দীকে জেলা সভাপতি মানছি না, মানব না”, “মহিলা সভাপতি নয়, যুবদের দায়িত্ব দিতে হবে”। কিছু পোস্টারে অশালীন মন্তব্যও লক্ষ্য করা যায়।
আরও পড়ুনঃ গরম নয়, আদর্শই মুখ্য—ব্রিগেডে লাল আবেগে ভেসে এলেন হাজার হাজার কমরেড
রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, এ ঘটনা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলেরই প্রতিফলন। কারণ, নবদ্বীপ আগে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার অন্তর্গত থাকলেও, লোকসভা ভোটের আগেই সেটিকে সংযুক্ত করা হয় নদিয়া দক্ষিণের সঙ্গে। তারপর থেকেই জেলার নেতৃত্ব নিয়ে জলঘোলা শুরু হয়।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রানাঘাট দক্ষিণ বিজেপির বর্তমান সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, “এ বিষয়ে আমার কোনও তথ্য নেই। এটা বিজেপির সংস্কৃতি নয়। বরং তৃণমূলের রাজনীতির অংশ হতে পারে। আমাদের দলে সাংগঠনিক পরিকাঠামো অনুযায়ী পরিবর্তন হয়, সেটাই স্বাভাবিক। দায়িত্ব কেউ নেবেন, কেউ ছাড়বেন—এটাই রীতি। কে বা কারা পোস্টার লাগিয়েছে, তা খতিয়ে দেখতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, পোস্টার-রাজনীতি এই মুহূর্তে নদিয়া দক্ষিণের বিজেপির অন্তর্দ্বন্দ্বকেই সামনে নিয়ে এল।
