রাজ্যের খবর
পঞ্চায়েত অফিসেই নেশায় চুর তৃণমূল প্রধান! মেঝেতে লুটোপুটি খাওয়ার ভিডিও ভাইরাল
ডিজিটাল ডেস্কঃ সরকারি দফতরেই (Government Office) মদ্যপান করে সংজ্ঞাহীন অবস্থায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন খোদ পঞ্চায়েত প্রধান! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) জেলার ছাতনা ব্লকের তৃণমূল (TMC) পরিচালিত ঝুঁঞ্জকা গ্রাম পঞ্চায়েতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, নিজের অফিস রুমেই প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে ছটফট করছেন প্রধান রামেশ্বর হেমব্রম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে এলাকার কিছু বাসিন্দা একটি টিউবওয়েল মেরামতি ও মহিলারা ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম সই করাতে পঞ্চায়েত অফিসে যান। প্রধানের ঘরে ঢুকতেই তাঁদের চক্ষুচড়কগাছ হয়ে যায়। তাঁরা দেখেন, চেয়ার ছেড়ে নেশায় বুদ (Intoxicated) হয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছেন প্রধান। কথা বলার মতো পরিস্থিতি (Condition) তো দূর, সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না তাঁর। এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এবং অনেকেই এই ঘটনার ভিডিও (Video) রেকর্ড করেন। খবর ছড়াতেই পঞ্চায়েত অফিসের বাইরে ভিড় জমে যায়। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত ছাতনা থানার পুলিশ (Police) এসে প্রধানকে ধরে গাড়িতে তুলে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে।
গ্রামবাসীদের অভিযোগ, ওই প্রধান প্রায়শই মদ্যপ অবস্থায় অফিসে আসেন, যার ফলে নাগরিক পরিষেবা (Public Service) চরমভাবে বিঘ্নিত হয়। এদিকে এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক পারদ চড়েছে। স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব এই অনৈতিক কাজের তীব্র নিন্দা করে পঞ্চায়েত অফিসে সিসিটিভি (CCTV) বসানোর দাবি জানিয়েছে। যদিও অভিযুক্ত প্রধানের দাবি, তিনি মদ্যপান করেননি। বাঁকুড়া জেলার এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ (Action) নেওয়া হবে।
