ডিজিটাল ডেস্কঃ গুজরাতে ভয়াবহ একটি সম্পর্কের পরিণতি রক্তাক্ত পরিণতির পথে গেল। প্রেমের সূত্রে একসঙ্গে থাকা এক মহিলা পুলিশ আধিকারিককে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁরই সহবাসী সঙ্গীর বিরুদ্ধে। মৃতা এক সহকারী সাব-ইনস্পেক্টর (ASI), অভিযুক্ত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী CRPF-এর জওয়ান।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম অরুণা নটুভাই জাদব (Aruna Natubhai Jadhav)। কচ্ছ জেলার আনজার থানায় কর্মরত ছিলেন তিনি। শুক্রবার রাতে নিজের ভাড়া করা বাড়িতেই তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন দিলীপ দাগচিয়া (Dilip Dagchiya) নামের ওই CRPF জওয়ান।
শনিবার সকালে নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন দিলীপ। তার পরই ফাঁস হয় মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা। পুলিশ জানিয়েছে, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে অরুণা ও দিলীপের পরিচয় হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে এবং দু’জন একসঙ্গে থাকতে শুরু করেন। দিলীপ মণিপুরে পোস্টেড থাকলেও মাঝেমধ্যেই অরুণার সঙ্গে দেখা করতে আসতেন।
আরও পড়ুনঃ ‘ঘুমন্ত রাজপুত্র’ আর জাগলেন না, ২০ বছরের কোমার পর মৃত্যু সৌদি প্রিন্স আলওয়ালিদের
ঘটনার দিন, শুক্রবার রাতে অরুণা ও দিলীপের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। সেই বিবাদের জেরে রাগের মাথায় গলা টিপে অরুণাকে খুন করেন দিলীপ— এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান।
জানা গেছে, অরুণা মূলত সুরেন্দ্রনগরের বাসিন্দা ছিলেন এবং আনজারের গঙ্গোত্রী সোসাইটি-২–তে ভাড়া থাকতেন। ঘটনার পরে দিলীপের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি আইন (BNS) অনুসারে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তে নেমেছে আনজার থানার আধিকারিকেরা। ইতিমধ্যেই জেরা শুরু হয়েছে।
এই ঘটনায় কচ্ছ জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমের সম্পর্ক কতটা ভয়ংকর রূপ নিতে পারে, তার একটি করুণ উদাহরণ হয়ে থাকল অরুণার মৃত্যু।