রাজনীতি
তালিকা প্রকাশ হতেই প্রচারে নামলেন গাজোল বিধানসভার তৃণমূল প্রার্থী বাসন্তী বর্মণ
নিজস্ব সংবাদদাতা, গাজোল , ০৬ মার্চ : নির্বাচনের দিনলিপি প্রকাশের সাতদিনের মধ্যেই দলের প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।শুক্রবার কালীঘাটে সাংবাদিক বৈঠক করে দলের প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মালদা জেলার ১২ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ পেতেই প্রচারাভিযানে নামেন প্রার্থীরা। গাজোল বিধানসভায় তৃণমূল প্রার্থী করা হয়েছে বাসন্তী বর্মণকে৷ নাম ঘোষণার পরই শুক্রবার সন্ধ্যায় প্রচারে নামেন তিনি। এদিন গাজলের বৈড়গাছী দুই নম্বর অঞ্চলের আকাল পুর তৃণমূল কংগ্রেসের এসটি এসসি ওবিসি সেলের কর্মীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এলাকায় ভোট প্রচার শুরু করেন গাজোলের তৃণমূল প্রার্থী। এদিনের কর্মীসভায় দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ, গাজোল ব্লক এসসি এসটি ওবিসি সেলের সভাপতি জ্যোতিষ মন্ডল, গাজোল ব্লক তৃণমূল নেতা ভরত রায় সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিন। এদিনের কর্মীসভার মধ্যে দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরার পাশাপাশি কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করেন বাসন্তী বর্মণ। পাশাপাশি বিধানসভা নির্বাচনে জয়লাভ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
