ভাইরাল খবর
শঙ্কর ঘোষকে হাসপাতালে পাঠানোর পর শুভেন্দুর হুঁশিয়ারি: “মমতা আজ দশ গোল খেয়েছেন
ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। উত্তেজনার কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অধিবেশনের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন বক্তব্য রাখছিলেন, তখনই প্রতিবাদে সরব হন বিজেপি (BJP) বিধায়করা। পাল্টা জবাব দেন তৃণমূলের (TMC) সদস্যরাও। দুই পক্ষই ওয়েলে নেমে পড়লে বিধানসভা কক্ষের পরিবেশ একপ্রকার অচল হয়ে পড়ে।
সবচেয়ে চর্চিত ঘটনা ঘটে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)-কে ঘিরে। স্পিকারের নির্দেশে মার্শাল দিয়ে তাঁকে বিধানসভা থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে পাঠানো হয়। বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, “আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারের নগ্ন প্রকাশ আমরা প্রত্যক্ষ করলাম। শঙ্কর ঘোষ-সহ অনেক বিধায়ক অসুস্থ হয়ে পড়েছেন। আমরা আড়াই ঘণ্টায় বুঝিয়ে দিয়েছি, এই স্বৈরতন্ত্রকে আর বাংলার মানুষ সহ্য করবে না।”
শুভেন্দু আরও অভিযোগ করেন, “আজ মুখ্যমন্ত্রী নিজেই অমিত শাহ ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘চোর’ শব্দ ব্যবহার করেছেন। এটা বাংলার সংস্কৃতির পরিপন্থী। রাহুল গান্ধীও এমন মন্তব্য করে সাংসদ পদ হারিয়েছেন। তাহলে মমতার বিরুদ্ধেও ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”
তিনি জানান, বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, বিশেষ করে জে.পি. নাড্ডা (J.P. Nadda), বিধায়কদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। শুভেন্দুর দাবি, “বাংলার মাটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার এই লড়াই চলবে।”


