ডিজিটাল ডেস্কঃ ধর্ষণ ও শ্লীলতাহানির একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার (H. D. Deve Gowda) নাতি এবং জনতা দল (সেকুলার)-এর প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। শুক্রবার বেঙ্গালুরুর এমপি-এমএলএ বিশেষ আদালত এই রায় ঘোষণা করে। পাশাপাশি তাঁকে ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, যা ক্ষতিপূরণ হিসেবে নির্যাতিতাকে দেওয়া হবে।
অভিযোগ অনুযায়ী, ২০২১ সাল থেকে বেঙ্গালুরুর কাছে পারিবারিক ফার্মহাউসে কর্মরত এক মহিলা পরিচারিকাকে পদমর্যাদা ও পারিবারিক প্রভাব খাটিয়ে একাধিকবার ধর্ষণ করেন রেভান্না। প্রথমে বাগানবাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় এবং সেই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে রাখা হয়। পরে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে একাধিকবার যৌন নির্যাতন চালান তিনি।
আরও পড়ুনঃ গরু পাচারের অপবাদে প্রবীণ চাষিদের মারধর, দুই বিজেপি কর্মী গ্রেপ্তার —মূল অভিযুক্ত পলাতক
এই মামলায় রেভান্না সহ মোট ২৬ জন সাক্ষীর জবানবন্দি নেয় আদালত। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায়—ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ, হুমকি প্রদান এবং অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে তাঁর বিরুদ্ধে মামলা গঠন হয়।
৩৪ বছরের রেভান্না ২০২৪ সালে দায়ের হওয়া আরও তিনটি যৌন হেনস্তা মামলায়ও মূল অভিযুক্ত। ওই বছর সোশ্যাল মিডিয়ায় ২,০০০-রও বেশি অশ্লীল ভিডিও ক্লিপ ফাঁস হয়ে যায়, যাতে একাধিক মহিলার উপর যৌন নির্যাতনের দৃশ্য ছিল বলে অভিযোগ। এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গত বছরের ৩১ মে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চলতি বছর কর্নাটকের হাসান (Hassan) লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন রেভান্না। একাধিক মামলায় অভিযুক্ত হওয়ায় জনতা দল (সেকুলার) তাঁকে দল থেকে বহিষ্কার করে।