দুর্ঘটনা
পাণ্ডবেশ্বরে যুবকের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা, পুলিশের উপর হামলা
ডিজিটাল ডেস্কঃ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, ওই যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছানো পুলিশকেও আক্রমণের মুখে পড়তে হয়। ইটের আঘাতে আহত হন আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত। গ্রেফতার করা হয়েছে এক দম্পতিকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম পল্লব (২২)। তিনি কুমারডিহি গ্রামের বাসিন্দা। পাশের গ্রামের এক বিবাহিত মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে জানা যায়। বৃহস্পতিবার সকালে ওই মহিলার বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, মহিলার স্বামী বিষয়টি জানতে পেরে পল্লবকে আটকে রাখেন। কিছুক্ষণ পর তাঁর মৃতদেহ পাওয়া যায়।
আরও পড়ুনঃ ডাইনি সন্দেহে মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্ত বৌমা আটক
যুবকের মৃত্যু ঘিরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁদের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। পুলিশের বিরুদ্ধে দেহ পরিবারের অনুমতি ছাড়া নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এরপরই গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হন। ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্ত-সহ চার পুলিশকর্মী আহত হন। উত্তেজিত জনতা এলাকায় ভাঙচুর চালায়, বেশ কয়েকটি দোকান ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ডিসি অভিষেক গুপ্ত বলেন, “যুবকের মৃত্যু নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে পুলিশ তদন্ত শুরু করেছে, আইন নিজের পথে চলবে। আহত পুলিশকর্মীদের চিকিৎসা চলছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”
