কলকাতা
অর্জুন সিংয়ের বাড়ির সামনে চলল গুলি, গুলিবিদ্ধ TMC কর্মী
নিউজ ডেস্ক: ফের জগদ্দলে গুলি কাণ্ডের ঘটনা ঘটলো। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের এক কর্মী বলে খবর। পুরো ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনার তদন্তে জগদ্দলথানার পুলিশ।
ফের গুলি চলল জগদ্দলে। রাতের অন্ধকারে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে এই বোমাবাজির ঘটনা ঘটে। এমনকি গুলি চালানোর অভিযোগও উঠেছে। ঘটনায় অর্জুন সিংকে বৃহস্পতিবার তলব করল পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে জগদ্দলে গুলি চলে।
জগদ্দলের মেঘনা মোড় এলাকায় গুলি চলে বলে খবর। ঘটনায় আহত হয়েছে তৃণমূল কর্মী সাদ্দাম। আহত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হ ওই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।
এরপর অবস্থা আরও গুরুতর হলে আহত ওই তৃণমূল কর্মী সাদ্দামকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। এছাড়াও ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান ভাটপাড়া পৌরসভার পৌরপিতা অভিমন্যু তিওয়ারি ও পৌরমাতা সুনিতা সিং। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
বুধবার গভীর রাতে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটে। অর্জুন সিংয়ের অভিযোগ, প্রশাসন খুব দুর্বল হয়ে গিয়েছে। প্রশাসন যদি নিরপেক্ষ কাজ করতো তবে এরকম ঘটনা ঘটত না। তিনি জানিয়েছেন, বোমার আওয়াজ পেয়ে বেরিয়ে এলে আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে দাবি করেছেন প্রাক্তন সাংসদ। যদিও গুলি অর্জুন সিংয়ের গায়ে লাগেনি।
আরও পড়ুন – পাণ্ডবেশ্বরে যুবকের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা, পুলিশের উপর হামলা
পালটা অভিযোগ উঠেছে, গুলি চালিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং নিজে। ঘটনায় রাতেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজেপি নেতাকে থানায় ডেকে পাঠায় পুলিশ। কিন্তু অর্জুন সিংয়ের সাফ কথা, তিনি যাবেন না থানায়। আজ সকালে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন,
আমি কোনও পকেটমার না ছিঁচকে চোর? যে পুলিশ যখন খুশি ডাকলেই আমায় থানায় যেতে হবে। আমাকে আবার ফাঁসানোর চেষ্টা হচ্ছে। যেখানে এই গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে ৩টে সিসি ক্যামেরা রয়েছে। পুলিশ সিসি ক্যামেরা খতিয়ে দেখুক যে কে গুলি চালিয়েছে। ওখানে তো সামনেই পুলিশকর্মীরা দাঁড়িয়ে ছিলেন, দাবি অর্জুন সিংয়ের।
আরও পড়ুন – ডাইনি সন্দেহে মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্ত বৌমা আটক
