উত্তর দিনাজপুর
পারস্পরিক সংঘর্ষে গুরুতর জখম প্রায় ৮জন,চাঞ্চল্য এলাকায়
নিজস্ব সংবাদদাতা , ইসলামপুর , ১৪ মে : দুটি বাইকের মধ্যে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত হল বেশ কয়েকজন। বৃ্হস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার মাটিকুন্ডা দুই গ্রামপঞ্চায়েতের আশ্রম এলাকার কনবাড়ি গ্রামে রাজ্য সড়কে।
জানাগিয়েছে, ডাঙাপাড়া এলাকার কিছু যুবক যাওয়ার সময় কনবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা বাইকে ধাক্কা মারলে সেটি পড়ে যায়। এই ঘটনায় ওই বাইক আরোহীদেরকে মারধর করার পাশাপাশি স্থানীয় যুবকেরা আটক করে রাখে বলে অভিযোগ।খবর পেয়ে ডাঙাপাড়ার কিছু যুবক তাদেরকে ছাড়াতে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।তীর, লাঠি দিয়ে আঘাত করা হয়। ঘটনায় আহত হয়েছে দুই পক্ষের বেশ কয়েকজন। ইসলামপুর হাসপাতালে আহত ব্যাক্তির আত্মীয় ওয়েদুল্লা জানিয়েছেন, দূর্ঘটনার খবর পেয়ে তারা বেশ কয়েকজন ওই গ্রামে যায়।কিন্তুু অপরপক্ষ তাদের উপরে লোহার রড ও লাঠি দিয়ে চড়াও হয়।পাশাপাশি তীর ধনুক দিয়েও হামলা চালানো হয়েছে।তিনজনের তীর লেগেছে। বাকিরা রড ও লাঠির আঘাতে আহত হয়েছে। বর্তমানে আহতরা সকলেই ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।অপরপক্ষের আহত এক ব্যাক্তির দাদা অমিত সিংহ জানিয়েছেন যে, তার ভাই সহ বেশ কয়েকজন প্রতিদিনের মতো রাতের খাওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিল। সেই সময় আচমকা তীব্রগতিতে আসা একটি বাইক তার ভাইকে ধাক্কা মারে।এই বাইকে কয়জন ছিল তা জানা নেই তার।ঘটনার পর সে তার ভাইকে নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে আসে।কিন্তু এখানেও তাদেরকে মারধোর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। তার ভাইকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
