খুন
নিখোঁজের পর দিন গলায় ফাঁস, যুবকের মৃত্যুতে আটক তরুণী
ডিজিটাল ডেস্কঃ কল্যাণীতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম মফিজুল মণ্ডল, যিনি সগুনা গ্রাম পঞ্চায়েতের মদনডাঙার বাসিন্দা। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।
শুক্রবার সকালে এক তরুণী, বছর ২৭-এর প্রিয়া খাতুন, মফিজুলকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পাওয়ার পর, ওই তরুণী হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন। তবে, নিরাপত্তারক্ষী এবং স্থানীয়দের তৎপরতায় তাঁকে আটক করা সম্ভব হয়। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায় এবং প্রিয়া খাতুনকে হেফাজতে নেয়। বর্তমানে তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুনঃ তৃণমূল প্রধানের স্বামীর ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ছবির পোস্টার বাজারে!
পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সকালে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন মফিজুল। কিন্তু আর ফেরেননি। ফোনেও তাঁকে পাওয়া যায়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ফলে প্রাথমিকভাবে আত্মহত্যা বা শ্বাসরোধ করে খুনের আশঙ্কা করছে পুলিশ।
তবে এই মৃত্যুর নেপথ্যে আসলে কী রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মফিজুল ও প্রিয়ার সম্পর্ক কী ছিল, ঘটনার আগের রাত তাঁরা কোথায় ছিলেন—এসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি আটক তরুণীকে জেরা করে ঘটনার আসল রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।
