ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝে আটকে পশ্চিমবঙ্গের যুবক, উৎকণ্ঠায় পরিবার
Connect with us

বিশ্বের খবর

ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝে আটকে পশ্চিমবঙ্গের যুবক, উৎকণ্ঠায় পরিবার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরান-ইজরায়েল (Iran-Israel) যুদ্ধের আগুনে এবার উদ্বেগে কাঁপছে বীরভূম (Birbhum)। মিসাইলের পাল্টা মিসাইলে রক্তাক্ত মধ্যপ্রাচ্যের আবহে আটকে পড়েছেন বীরভূমের মল্লারপুরের (Mallarpur) বাসিন্দা ভারতীয় নৌসেনা অফিসার (Indian Navy Officer) অরিত্র সিনহা (Aritra Sinha)। ইজরায়েলে (Israel) প্রশিক্ষণে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া দেশের সন্তানকে নিয়ে উৎকণ্ঠায় দিন গুনছেন বাবা-মা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে অরিত্র যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান নেভিতে। চলতি বছরের ৩ মে প্রশিক্ষণের জন্য তাঁকে পাঠানো হয় ইজরায়েলের তেল আভিভ (Tel Aviv) শহরে। সেখানে দেড় মাসের প্রশিক্ষণ শেষে ২০ জুন তাঁর দেশে ফেরার কথা ছিল। টিকিটও কাটা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে ইজরায়েলের বিমানবন্দর বন্ধ হয়ে যায়। ফলে আটকে যায় তাঁর ফেরা।

অরিত্রের বাবা জয়শঙ্কর সিনহা (Jayashankar Sinha) জানান, “শুক্রবার ওর ফ্লাইট ছিল। কিন্তু বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় ফেরার সমস্ত পরিকল্পনা আটকে গিয়েছে। খুব ভয় লাগছে। ছেলের সঙ্গে শেষবার বুধবার রাতে কথা হয়েছে। ও বলেছে, সেফ জোনে আছে, কোনও সমস্যা হয়নি। কিন্তু বাইরে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ভারতীয় নৌবাহিনীর ডিপার্টমেন্ট ওর ফেরার জন্য ব্যবস্থা নিচ্ছে। আমরা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী কাছে অনুরোধ করছি, যেন ওকে দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়।”

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ দিবস কর্মসূচিতে উত্তেজনা, সুকান্ত মজুমদারকে ঘিরে ধরল পুলিশ

Advertisement
ads

ইজরায়েল থেকে অরিত্র নিজেও ভারতীয় অভিবাসন দফতরে (Indian Immigration Department) জানিয়ে রেখেছেন, তবে এখনও পর্যন্ত নিশ্চিত আশ্বাস মেলেনি। এই অবস্থায় দিন কাটছে পরিবারের টান টান উৎকণ্ঠায়।

অন্যদিকে, একই ভাবে ইরানের (Iran) মাটিতেও আটকে রয়েছেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গা (Deganga) এলাকার পাঁচটি পরিবারের মোট ১১ জন। জানা গিয়েছে, তাঁরা ধর্মীয় সফরে গিয়েছিলেন। কিন্তু যুদ্ধ পরিস্থিতি হঠাৎ করে এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তাঁরা আর দেশে ফিরতে পারছেন না।

দেগঙ্গার ঢালিপাড়া (Dhalipara) গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, পরিবারের সদস্যরা ইরানে আটকে পড়ায় তাঁদের চিন্তা আরও বেড়েছে। খাবার জোটানো কঠিন হয়ে পড়েছে, যোগাযোগও প্রায় ছিন্ন। স্থানীয়রা জানাচ্ছেন, টিভির পর্দায় ক্রমাগত ইরানের যুদ্ধ পরিস্থিতি দেখে ভয় আরও বেড়ে যাচ্ছে। দ্রুত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন দেগঙ্গার বাসিন্দারা।

ইরান-ইজরায়েল সংঘাতের জেরে বহু ভারতীয়ই বিদেশের মাটিতে এখন প্রাণ হাতে নিয়ে দিন কাটাচ্ছেন। তাদের দ্রুত ফিরিয়ে আনার দাবি উঠছে দেশজুড়ে।

Advertisement
ads