বিনোদন
প্রেম, বিচ্ছেদ পেরিয়ে ফের বড় পর্দায় দেব-শুভশ্রী, মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’
ডিজিটাল ডেস্কঃ প্রায় এক দশকের অপেক্ষার অবসান। অবশেষে বড় পর্দায় ফিরছে টলিউডের (Tollywood) এক সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি দেব (Dev) ও শুভশ্রী (Subhashree Ganguly)। তাঁদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ (Dhumketu) মুক্তি পেতে চলেছে আগামী ১৪ অগস্ট। বাংলার বহু দর্শক ইতিমধ্যেই দিন গুনছেন সেই মুহূর্তের জন্য।
২০১৫ সালের অক্টোবর মাসে শুরু হয়েছিল ‘ধূমকেতু’-র শ্যুটিং। ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্কের ইতি টানার পরও শুধুমাত্র ছবির গল্পের টানেই তাঁরা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছিলেন। কিন্তু নানা আইনি এবং প্রযোজনাগত জটিলতায় এতদিন আটকে ছিল ছবির মুক্তি। অবশেষে সব বাধা কাটিয়ে মুক্তির পথে ‘ধূমকেতু’।
তবে এই দীর্ঘ বিরতির পর দর্শকদের প্রশ্ন ছিল, ছবির প্রচারে কি একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রীকে? এই প্রশ্নের জবাব মিলল শুক্রবার। নির্মাতারা (Producers) প্রকাশ্যে আনলেন ছবির একটি প্রোমোশনাল ভিডিও। যদিও ভিডিওতে দেব এবং শুভশ্রী দু’জনকে একসঙ্গে দেখা যায়নি। আলাদা আলাদা করে কথা বলতে শোনা গিয়েছে তাঁদের।
View this post on Instagram
আরও পড়ুনঃ ধর্ষণের অভিযোগকারিণীকেই কারাগারে বিয়ে করলেন গায়ক নোবেল
ভিডিওতে শুভশ্রী কালো টপ এবং কালো জিন্সে বললেন, “নমস্কার, আমি শুভশ্রী গঙ্গোপাধ্যায়।” এরপর ক্যামেরায় ধরা দেন দেব, কালো টি-শার্ট এবং নীল জিন্সে। দেব বলেন, “নমস্কার, আমি দেব।” এরপর বার্তায় উঠে আসে, “১২ বছর পর আমরা আবার একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ছবি ‘ধূমকেতু’ আসছে ১৪ অগস্ট, আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে।”
ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দেবের (Dev) সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীকে (Subhashree) দেখতে পেয়ে অনেকেই আবেগাপ্লুত। কেউ লিখেছেন, “দেবের প্রোফাইলে শুভশ্রী, এটা যেন সত্যিই ধূমকেতুর মতো অবাক করা।” কেউ লিখেছেন, “পর্দায় আবার ফিরছে সেরা জুটি।” আবার কেউ লিখেছেন, “অনুগ্রহ করে ছবির প্রোমোশনে একসঙ্গে আসবেন।”
এক ভক্তের মন্তব্য আরও মন ছুঁয়ে যায়— “আমাদের ছোটবেলা যেন শেষবারের মতো ফিরে আসছে। দেব-শুভশ্রী জুটিকে হয়তো শেষবারের মতো বড় পর্দায় দেখার সুযোগ।”
প্রেম, বিচ্ছেদ, দূরত্ব—সব কিছু ছাপিয়ে ফের একবার বড় পর্দায় ফিরছে বাংলা সিনেমার এক সময়ের সেরা জুটি। এবার শুধু অপেক্ষা ১৪ অগস্টের।
