কয়লা কান্ডের তদন্তে রাজ্যের নিরাপত্তা অধিকর্তাকে তলব করল সিবিআই
Connect with us

রাজ্যের খবর

কয়লা কান্ডের তদন্তে রাজ্যের নিরাপত্তা অধিকর্তাকে তলব করল সিবিআই

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১ মে : কয়লা পাচার কাণ্ডের তদন্তে রাজ্যের আরও এক আইপিএস অফিসারকে তলব করল সিবিআই। রাজ্যের ডিরেক্টর অব সিকিউরিটি জ্ঞানবন্ত সিংহকে তলব করল সিবিআই। আগামী ৪ মে অর্থাৎ মঙ্গলবারই তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। এই মর্মে একটি চিঠি রাজ্য পুলিশের ডিজি-কে পাঠিয়েছে সিবিআই।

সূত্রের খবর, যে সময় রাজ্যে রমরমিয়ে কয়লা পাচার হয়েছে, সে সময় এডিজি আইনশৃঙ্খলা ছিলেন জ্ঞানবন্ত সিংহ। তার আগে পশ্চিমাঞ্চল আইজিও ছিলেন তিনি। যে পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে এই কয়লার চোরাকারবার চলেছে। তদন্তকারীরা জানতে চান, একজন পদাধিকারী প্রশাসক হিসাবে কী ব্যবস্থা নিয়েছিলেন তিনি। একইসঙ্গে বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রের কয়লা সিন্ডিকেটের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল কি না তাও জানতে চান তদন্তকারীরা।ইতিমধ্যেই অন্যতম মূল পাণ্ডা ব্যবসায়ী অনুপ মাজি ওরফে লালাকে হাতে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। যদিও কয়লা পাচার কান্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও অধরা। তাঁর ভাই বিকাশ মিশ্রকে গ্রেপ্তারের পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব চালানো হচ্ছে। এছাড়া রাজ্যে কয়লা খনি অধ্যুষিত জেলাগুলির তৎকালীন পুলিশ আধিকারিকদের কাছে থেকেও তথ্য পেতে তাঁদেরও জেরা করা হয়েছে সিবিআইয়ের তরফে। শুধু তাই নয়, বাঁকুড়ার এসপি-সহ একাধিক পুলিশ আধিকারিককে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। তাঁদের দু-এক দফায় জিজ্ঞাসাবাদও হয়েছে। সিবিআই আগেই জানিয়েছিল, কয়লা-কাণ্ডের শিকড় অনেক গভীরে। তদন্ত করতে গিয়ে যাঁদের নাম সামনে আসছে, তাঁদের একটি তালিকা বানিয়েছে সিবিআই। সেই তালিকা অনুযায়ী, পুলিস আধিকারিকদের ডেকে পাঠানো হচ্ছে ও জেরা চলছে।
এবারে সরাসরি রাজ্যের ডিরেক্টর, সিকিওরিটি জ্ঞানবন্ত সিংকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।