রাজ্যের খবর
স্বাস্থ্য দফতরের নয় উদ্যোগ। রাজ্যে কোন করোনা হাসপাতালে কতগুলো বেড খালি রয়েছে, জানুন একটি ক্লিকে
নিউজ ডেস্ক , ২৯ এপ্রিল : করোনা মহামারী আস্তে আস্তে ভয়াবহ আকার নিচ্ছে রাজ্যে। এই পরিস্থিতিতে হাসপাতালে বেড সহ অক্সিজেন সিলিন্ডারের আকাল দেখা দিয়েছে। রাজ্যের সরকারি করোনা হাসপাতালগুলিতে খালি শয্যার সন্ধান দিতে নতুন অনলাইন পরিষেবা চালু করল রাজ্য সরকার।
ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট শীর্ষক এই পোর্টাল থেকে জানা যাবে, রাজ্যের কোন হাসপাতালে কত শয্যা খালি রয়েছে। পাশাপাশি রয়েছে হেল্পলাইন, কন্ট্রোল রুমের নম্বরও। পোর্টালে প্রথমে জেলা নির্বাচন করতে হবে। তারপর ওই জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলির তালিকা ধরে কোভিড রোগীদের জন্য শয্য়ার খতিয়ান চলে আসবে। সেখানেই দেখে নিতে পারবেন কোন হাসপাতালে কত শয্যা খালি রয়েছে। শুধু খালি শয্যা সম্পর্কিত তথ্য জানাই নয়, ওই পোর্টালের মাধ্যমে হাসপাতালে ভর্তির জন্য আবেদনও জানানো যাবে। পোর্টালে রয়েছে ইন্টিগ্রেটেড হেল্পলাইন। তার নম্বর ১৮০০-৩১৩-৪৪৪-২২২। হেল্পলাইনে ফোন করলে কোভিড সংক্রান্ত যে কোনও প্রশ্নের উত্তর পাবেন রাজ্যবাসী। সরকারি ফ্রি কোভিড হাসপাতালে ভর্তির ক্ষেত্রেও সাহায্য পাওয়া যাবে। এছাড়াও ফ্রি-তে অ্যাম্বুল্যান্স, টেলি মেডিসিনের মতো সুবিধাও রয়েছে এই পোর্টালে। শরীরের পাশাপাশি মানসিক দিকেও নিজের প্রভাব বিস্তার করে কোভিড। সেকারণেই সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকছে মনস্তাত্ত্বিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা। গত বছর করোনা পরিস্থিতিতে করোনা রোগীদের জন্য “কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম” চালু করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। সেখানে রোগীদের ভর্তির জন্য অনলাইনে আবেদন জানানোর ব্যবস্থা ছিল। এ বার দ্বিতীয় ঢেউয়ের আবহে হাসপাতালের খালি শয্যা সম্পর্কিত তথ্যও জনসমক্ষে আনতে উদ্যোগী হল রাজ্য স্বাস্থ্য দফতর।
