দেশ
হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত পাঁচ কোভিড রোগী
নিউজ ডেস্ক, ১৮ এপ্রিল : হাসপাতালে বিধ্বংসী অগ্নিকান্ডে মৃত্যু হল ৫ কোভিড রোগীর। ছত্তীশগড়ের রায়পুরে অবস্থিত রাজধানী হাসপাতাল নামক একটি বেসরকারি হাসপাতালে শনিবার রাতে আচমকাই আগুন লাগে।
ওই হাসপাতালে মূলত করোনা রোগীদেরই চিকিৎসা চলছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে পৌঁছয় দমকল বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় আটকে থাকা রোগীদের উদ্ধার করা হয় ও আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাকিদের সুরক্ষিতভাবে বের করে আনা সম্ভব হলেও প্রাণ হারান পাঁচজন রোগী। ওই রোগীরা আইসিইউ তে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে আরোও ২৯জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।প্রশাসন সূত্রে খবর, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে হাসপাতালের প্রথম তলায়। তার পর তা ছড়িয়ে পড়ে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে।ঘটনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ছত্তিশড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এর আগেও মুম্বইয়ের শপিংমলের ভিতরে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত প্রাণ হারিয়েছিলেন ১০ জন৷ মার্চ মাসের সেই ঘটনার স্মৃতি উসকে দিয়ে ফের একমাসের মধ্যে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন।
