স্বাস্থ্য
ফের সক্রিয় হচ্ছে করোনা, এক মাসে ৭ জনের মৃত্যু আর আক্রান্ত ১৭০০ জন
ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের স্বস্তির পর ফের মাথাচাড়া দিচ্ছে করোনা (COVID-19)। গত কয়েকদিনে দেশে একধাক্কায় সংক্রমণ বেড়েছে প্রায় তিন গুণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) সাম্প্রতিক তথ্য বলছে, বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২,৭১০ জন। যেখানে ২৬ মে-র হিসাব অনুযায়ী সংক্রমিত ছিলেন মাত্র ১,০১০ জন। অর্থাৎ পাঁচ দিনের ব্যবধানে প্রায় ১,৭০০ নতুন সংক্রমণ।
সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে দক্ষিণ ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। কেরল (Kerala) এই মুহূর্তে সংক্রমণের শীর্ষে—সেখানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১,১১৪। মহারাষ্ট্রে (Maharashtra) আক্রান্ত ৪২৪ জন, দিল্লিতে (Delhi) ২৯৪ জন এবং গুজরাটে (Gujarat) ২২৩ জন। পশ্চিমবঙ্গেও (West Bengal) সক্রিয় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১১৬-তে।
আরও পড়ুনঃ বিদেশে ভারত-বিরোধী স্লোগানে তীব্র জবাব, মুখ খুললেন রবিশংকর প্রসাদ
বিশেষজ্ঞদের একাংশের মতে, বর্তমানে ছড়াচ্ছে করোনার একটি অপেক্ষাকৃত দুর্বল স্ট্রেন। যদিও স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত একমাসে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের, যার মধ্যে ৬ জনেরই গুরুতর কো-মর্বিডিটি ছিল। ফলে এই মুহূর্তে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলেই মনে করছেন কর্তৃপক্ষ।
তবে চিকিৎসা মহলের একাংশ মনে করছেন, করোনা ফের ছড়াতে শুরু করায় সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার এবং বয়স্ক ও কো-মর্বিড ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রশাসনের তরফ থেকেও জানানো হয়েছে, যদি নতুন করে সংক্রমণের ঢেউ ওঠে, তবে তার মোকাবিলায় প্রস্তুত রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। পরিস্থিতি অনুযায়ী কোভিড প্রোটোকল (COVID Protocol) আবারও কার্যকর হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
