দেশ
দীর্ঘ সাত বছর পর দুমকা ট্রেজারি মামলায় অবশেষে কারাগারমুক্ত লালু প্রসাদ যাদব
নিউজ ডেস্ক, ১৭ এপ্রিল : পশুখাদ্য কেলেঙ্কারিতে এবার ঝাড়খণ্ডের দুমকা ট্রেজারি মামলায় জামিন পেয়ে গেলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব।
ঝাড়খণ্ড হাই কোর্ট শনিবার তাঁর জামিন মঞ্জুর করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল ঝাড়খণ্ড বা তৎকালীন বিহারের ট্রেজারি থেকে ৩.১৩ কোটি টাকা সরিয়েছিলেন তিনি।মোট চারটি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। তবে এ বার তিনি জেল থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ পুরনো তিনটি মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি লালুর জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল আদালত। দুমকা কোষাগার থেকে ৩ কোটি ১৩ লক্ষ টাকা বেআইনি ভাবে সরিয়ে নেওয়ার অভিযোগে দু’টি ধারায় ৭ বছরের জেল হয়েছিল তাঁর।তার পর শনিবার জামিন মঞ্জুর হয়ে গেলেও, আদালতের অনুমতি ছাড়া লালু দেশের বাইরে যেতে পারবেন না এবং ঠিকানা ও ফোন নম্বরও পাল্টাতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতি অপরেশকুমার সিংহ।বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লালু প্রসাদ যাদব। হাসপাতাল থেকে ছাড়া পেলেই এবার বাড়ি ফিরতে পারবেন তিনি।
