আবহাওয়া
কালবৈশাখীর ভরসা দক্ষিণবঙ্গে, উত্তপ্ত উত্তরবঙ্গ জ্বলছে গরমে
ডিজিটাল ডেস্কঃ শনিবারের বিকেলে দক্ষিণবঙ্গে দেখা দিল স্বস্তির বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার থেকে টানা তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
বিশেষ করে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আজ সন্ধের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। সোমবার ও মঙ্গলবারও বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৬০ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতা শহরেও রবিবার বিকেল থেকে গুমোট গরমের পর বৃষ্টির হাত ধরে খানিকটা স্বস্তি আসতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৬৩ থেকে ৯১ শতাংশের মধ্যে। দিনের তাপমাত্রা ৩৪ ডিগ্রি ছুঁইছুঁই।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির আশা নেই বললেই চলে। বরং দিনেদুপুরে প্রখর রোদ আর জলীয় বাষ্পের দাপটে অস্বস্তি বাড়াচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি থেকে মালদহ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। দার্জিলিং-পাহাড়েও গরমে হাঁসফাঁস অবস্থা।
আগামী ৭২ ঘণ্টায় উত্তরের জেলাগুলিতে হালকা আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত গরমের তাপেই নাজেহাল থাকতে হবে উত্তরবঙ্গবাসীকে।
