রায়গঞ্জ
খেলাধূলার উন্নতি কল্পে ভাইস চেয়ারম্যান এর উদ্যোগে মাল্টি জীম পেল রায়গঞ্জ টাউন ক্লাব
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৯ ফেব্রুয়ারি : খেলাধূলার পরিবেশ ও শরীরচর্চা ও মানসিক বিকাশের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে রায়গঞ্জ টাউন ক্লাবকে মাল্টিজিম সরঞ্জাম প্রদান করলেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার খেলাধূলার উন্নতির স্বার্থে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানের এই ব্যক্তিগত উদ্যোগে উপকৃত হল রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে প্রশিক্ষনরত সব বিভাগের খেলোয়াড় থেকে শরীরচর্চার সাথে যুক্ত মানুষেরা।
মাল্টিজিম প্রদানের পাশাপাশি রাজ্যস্তরের স্বনামধন্য প্রাক্তন খেলোয়ার মনি রায় কে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন জানানো হয়। এদিন উত্তর দিনাজপুর জেলার আই এফ এ স্বীকৃত চারজন রেফারিকেও বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। রায়গঞ্জ শহর তথা উত্তর দিনাজপুর জেলার অন্যতম ক্রীড়া পীঠস্থান রায়গঞ্জ টাউন ক্লাব। রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত টাউন ক্লাব ময়দানে খেলাধূলা করে রাজ্য ও জাতীয় স্তরের খেলায় সুনাম অর্জন করেছেন বহু খেলোয়াড়। ফুটবল হোক বা ক্রিকেট, ভলিবল হোক কিংবা অ্যাথলেটিকস সবেতেই একের পর প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়েছে এই টাউন ক্লাব থেকে। এখনকার বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এবং তাদের শরীরচর্চায় সুবিধা প্রদানে এগিয়ে এলেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। একেবারে ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার রায়গঞ্জ টাউন ক্লাব কর্তৃপক্ষের হাতে মাল্টিজিম তুলে দিলেন তিনি। রায়গঞ্জ টাউন ক্লাব কর্মকর্তা অরিজিৎ ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বহু খেলোয়াড় সমন্বয়ে এই মাঠে শরীরচর্চার জন্য একটি জিমের অনুভব করছিলাম। আমরা রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে আবেদন করেছিলাম। ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার আমাদের আবেদনে সাড়া দিয়ে আজ রায়গঞ্জ টাউন ক্লাব কর্তৃপক্ষের হাতে একটি অত্যাধুনিক মাল্টিজিম তুলে দিলেন। এরফলে বর্তমান প্রজন্মের খেলোয়াড়েরা ভীষণভাবে উপকৃত হবে। রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার জানিয়েছেন, প্রাচীন ঐতিহ্যবাহী এই রায়গঞ্জ টাউন ক্লাবের দক্ষ পরিচালনায় রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলা থেকে বহু প্রতিভাবান খেলোয়াড় রাজ্য ও জাতীয় স্তরে খেলাধূলা করে সুনাম অর্জন করেছে। এই ক্লাবের বর্তমান খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে একটি মাল্টিজিম প্রদান করা হল। যাতে ভবিষ্যতে আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয় এই রায়গঞ্জ টাউন ক্লাব ময়দান থেকে।
