হামলা
‘অপারেশন সিঁদুর’-এর জবাবে গল্প ফাঁদছে পাকিস্তান, উঠছে মসজিদে হামলার অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) ভয়াবহ প্রত্যাঘাতের পর চাপে পাকিস্তান (Pakistan)। সেনা সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার রাতভর চলা অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে প্রাণ হারিয়েছে বহু সন্ত্রাসবাদী। কিন্তু এই পাল্টা আঘাতের পরই পাকিস্তান নিজেদের মতো করে ‘আক্রান্ত হওয়ার কাহিনি’ গাঁথতে শুরু করেছে।
পাক সেনার তরফে একটি বিবৃতি জারি করে দাবি করা হয়েছে, ভারত ৬টি এলাকায় মোট ২৪টি আক্রমণ চালিয়েছে। তাতে মৃত্যু হয়েছে ৮ জনের। তাদের দাবি অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু। আহত হয়েছেন আরও ৩১ জন, যাঁদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৬ জন মহিলা।
আরও পড়ুনঃ জঙ্গিদের গুলিতে যাঁদের সিঁথি রক্তাক্ত হয়েছিল, তাঁদের নামেই ভারত চালাল ‘অপারেশন সিঁদুর
সবচেয়ে চাঞ্চল্যকর যে অভিযোগটি তারা তুলেছে, তা হল— ভারতের তরফ থেকে নাকি বেশ কয়েকটি মসজিদে হামলা চালানো হয়েছে। পাকিস্তানি সেনার দাবি, বাহাওয়ালপুর (Bahawalpur)-এর আহমেদপুর পূর্বে শুভান মসজিদ, শিয়ালকোটের (Sialkot) কোটকি লোহারা গ্রাম, শাকারগড়, মুজাফফরাবাদের বিলাল মসজিদ, কোটলির আব্বাত মসজিদ এবং মুরিদকেতে উমালকুরা মসজিদে নাকি ভারতের হামলা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, এসব হামলায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন, পাশাপাশি মসজিদগুলি ক্ষতিগ্রস্ত।
তবে ভারতের সেনা বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অপারেশনে শুধু জঙ্গি ঘাঁটিগুলোকেই নিশানা করা হয়েছে। কোনও রকম অসামরিক স্থাপনা কিংবা ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়নি। এই তথ্যকে পাকিস্তানের ‘প্রচারণা কৌশল’ বলেই ব্যাখ্যা করা হচ্ছে।
প্রতিরক্ষা সূত্রে আরও জানানো হয়েছে, এই অভিযানে পাকিস্তানের বাহাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদের সদর দফতর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে মুরিদকে, মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর, ভীমবের, চাক আমরু এবং শিয়ালকোটেও হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে সন্ত্রাসবাদী সংগঠনের বেস।
এই অপারেশনের প্রতিক্রিয়ায় নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর ফের গোলাগুলি শুরু করেছে পাকিস্তানি সেনা। বুধবার সকাল থেকেই পুঞ্চ ও রাজৌরি সেক্টরে চলেছে গুলি বর্ষণ। ভারতীয় সেনা জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত দেশের ১০ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। তবে কোনও জওয়ান শহিদ হননি বলে খবর।
সব মিলিয়ে, ‘অপারেশন সিঁদুর’ পাকিস্তানকে যতটা কাঁপিয়েছে, ততটাই তৎপর তারা বিষয়টিকে আন্তর্জাতিক মহলে অন্যভাবে তুলে ধরতে। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ভারতীয় সেনার এই সফল অভিযান এক নতুন বার্তা দিয়েছে— সন্ত্রাসের জবাবে এবার আর শুধু কূটনীতি নয়, প্রয়োজন হলে প্রত্যাঘাতও হবে নির্ভুল ও নির্দয়।
