সরকার নেই, পাশে আছে কংগ্রেস! পিরোজপুরে ঝড়-ক্ষতিগ্রস্তদের পাশে মোহিত সেনগুপ্ত
Connect with us

উত্তর দিনাজপুর

সরকার নেই, পাশে আছে কংগ্রেস! পিরোজপুরে ঝড়-ক্ষতিগ্রস্তদের পাশে মোহিত সেনগুপ্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের পিরোজপুর গ্রামে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সোমবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। দুপুরে দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি ঝড় বিধ্বস্ত অঞ্চলটি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন ত্রাণসামগ্রী

ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে মোহিতবাবু বলেন, “শনিবার গভীর রাতে প্রবল ঝড়ে পিরোজপুর গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। বহু মানুষের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, ক্ষেতের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এলাকার মানুষের দুর্দশা জানতে পেরে আমি নিজে এসে পরিস্থিতি দেখলাম। কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাধ্যের মধ্যে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেছি।”

আরও পড়ুনঃ “বাংলা বিভাজনের পথে”, মমতাকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের

ত্রাণসামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, আলু, তেল, সয়াবিন, ত্রিপল, বিছানার চাদর সহ দৈনন্দিন প্রয়োজনীয় নানা জিনিস। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঝড়ের পর থেকে তাঁরা চরম সমস্যার মুখে পড়েছেন, এখনও সরকারি কোনও ত্রাণ হাতে পাননি। এই অবস্থায় কংগ্রেস নেতৃত্বের এই সহায়তা কিছুটা স্বস্তি দিয়েছে। দুর্দশাগ্রস্ত বাসিন্দা সফিকুল রহমান বলেন, “ঝড়ে আমাদের ঘরবাড়ি উড়ে গেছে, কিছুই বাকি নেই। এখনও কোনও সরকারি ত্রাণ মেলেনি। মোহিতবাবু এসে ত্রাণ দিলেন, সেটা আমাদের জন্য অনেক বড় সহায়তা। এতে কিছুটা ভরসা পেলাম।”

Advertisement
ads ads

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি, পঞ্চায়েত সদস্য সহ কংগ্রেসের অন্যান্য নেতারা। স্থানীয় নেতৃত্বের দাবি, ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই বেশি যে শুধু বেসরকারি বা রাজনৈতিক দলগুলির সাহায্যে প্রয়োজন মেটানো সম্ভব নয়। সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে।

মোহিত সেনগুপ্ত বলেন, “আমরা চাই, প্রশাসন দ্রুত জরিপ করে ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক ও বসতঘর নির্মাণে সহায়তা করুক। শুধু প্রাথমিক ত্রাণ নয়, দীর্ঘমেয়াদি পুনর্বাসনের দিকেও নজর দেওয়া জরুরি।” পিরোজপুরের মতো প্রান্তিক গ্রামে ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। এ দিন মোহিতবাবুর নেতৃত্বে দলের মানবিক উদ্যোগ যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবিও জোরালো হয়েছে।