ডিজিটাল ডেস্কঃ ভুয়ো নথি জমা দিয়ে আধার ও প্যান কার্ড তৈরি করে দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন এক আফগান নাগরিক। সেই অভিযোগে শুক্রবার দিল্লি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টিম। ধৃতের নাম মহম্মদ নবি খান। অভিযোগ, কাবুল পালানোর চেষ্টাকালে দিল্লি বিমানবন্দরে অভিবাসন কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে সে। তার বিরুদ্ধে আগেই লুক আউট নোটিস জারি করেছিল কলকাতা পুলিশ। রবিবার দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে এনে নবিকে কলকাতার সিজেএম আদালতে পেশ করলে বিচারক তাকে ১৬ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে শ্যামপুকুর থানার অধীন বিধান সরণি এলাকায় এক ওয়াকফ সম্পত্তিতে নবিসহ ১০ জন আফগান নাগরিক অবৈধভাবে বসবাস করছিলেন। তারা ভারতীয় নাগরিকত্বের ভুয়ো প্রমাণপত্র হিসেবে আধার এবং প্যান কার্ড বানিয়ে ফেলেছিল বলে অভিযোগ। বিষয়টি ওয়াকফ বোর্ডের কোষাধ্যক্ষ পুলিশকে জানালে তদন্তে নামে লালবাজারের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজ়েশন।
আরও পড়ুনঃ ওয়াকফ আইনের প্রতিবাদ ভাঙড়ে! পুলিশ-আইএসএফ সংঘর্ষ, অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে
তদন্তে উঠে আসে, অভিযুক্তদের কাছে বৈধ আফগান পাসপোর্ট থাকলেও তারা ভুয়ো কাগজপত্র দেখিয়ে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছে। এই মামলায় ইতিমধ্যে পাঁচ জন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিস। বহুদিন পলাতক থাকার পরে ধরা পড়ল নবি। তবে এখনও ফেরার বাকি চার অভিযুক্ত।
নবির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির জালিয়াতি সংক্রান্ত ধারায় এবং ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু হয়েছে। আদালতে সরকারি কৌঁসুলি জয়ন্তকুমার ঘোষ বলেন, “নবি কীভাবে ও কোথা থেকে এই ভুয়ো নথিপত্র পেল, এবং ভারতে তাদের মূল উদ্দেশ্য কী ছিল, তা জানতে তদন্তে সময় প্রয়োজন।” নবির আইনজীবী সফদার আজ়ম জামিনের আবেদন জানালেও বিচারক সেটি নাকচ করে দেন। এই মামলার বিচার চলছে কলকাতা নগর দায়রা আদালতে। পুলিশ ইতিমধ্যেই মামলায় চার্জশিট পেশ করেছে।