খুন
ধর্ম নয়, দেশ আগে: মসজিদে মুসলিমরা তুললেন ‘হিন্দুস্থান জিন্দাবাদ’ ধ্বনি
ডিজিটাল ডেস্কঃ ভিন্ন ভাষা, মত ও সংস্কৃতির দেশ ভারত আবারও দেখাল একতার প্রকৃত চেহারা। কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে পুরুলিয়ার ঝালদার হোসেনডি গ্রামের জামা মসজিদে রবিবার এক অন্য দৃশ্যের সাক্ষী থাকল সবাই। নমাজের আগে সেখান থেকে গর্জে উঠল, ‘হিন্দুস্থান জিন্দাবাদ’, ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান। শুধু তাই নয়, শহীদ আইবি অফিসার মনীশরঞ্জন মিশ্র-সহ নিহত ২৬ জনের আত্মার শান্তির জন্য মসজিদে বিশেষ প্রার্থনাও করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ হামলায় পর্যটকদের ধর্ম দেখে টার্গেট করা হয়েছিল। এই নির্মমতার প্রতিবাদেই ঝালদার মুসলিম সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে মসজিদে প্রতিবাদ জানান। “আমরা ভারতবাসী, এবং দেশের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য,” বললেন মসজিদের ইমাম মহম্মদ আদিল হুসেন কাশমি। তাঁর স্পষ্ট কথা, “সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না। ইসলাম কখনও নিরীহ মানুষের হত্যাকে সমর্থন করে না। আমরা চাই ভারত সরকার কঠোর জবাব দিক।”
আরও পড়ুনঃ ভারতীয় নাগরিক মা! তাই অশ্রুজল চোখে পাকিস্তানে ফিরল দুই শিশু
হোসেনডি, বাগানডি, ও কাঁটাডি গ্রাম নিয়ে গঠিত ঝালদার এই সীমান্তবর্তী অঞ্চলে এমন উদ্যোগ অভূতপূর্ব। মসজিদ কমিটির তরফে শেখ হুসেন আহমেদ জানান, “নিহত মনীশরঞ্জন মিশ্রের পরিবারের পাশে আমরা আছি। এই জঙ্গি হামলার কঠোর জবাব চাই। পুলওয়ামার ঘটনার মতো যেন এই ঘটনাও আড়ালে চাপা না পড়ে।”
ভারতের ইতিহাস বলছে, বারবার আঘাত এলেও এদেশের মাটি বারবার জন্ম দিয়েছে একতার, সহমর্মিতার এবং দৃঢ়তার উদাহরণ। ঝালদার মসজিদ থেকে যে স্লোগান উঠল, তা এক নতুন প্রেরণার বার্তা বয়ে আনল গোটা জাতির জন্য।
