কলকাতা
হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ নাবালিকা মা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ডিজিটাল ডেস্কঃ বিধাননগর মহকুমা হাসপাতালে নজরদারির গাফিলতির কারণে সন্তান প্রসবের পরই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল নাবালিকা মা। হাসপাতাল সূত্রে জানা যায় যে, মঙ্গলবার গভীর রাতে শৌচাগারে যাওয়ার নাম করে ওই নাবালিকা মা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যায় এবং আর ফেরেনি। ১০ মিনিট পরেও যখন সেই নাবালিকা ওয়ার্ডে ফেরেনা তখন হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি টের পায় এবং পুলিশ ও ‘চাইল্ড ওয়েলফেয়ার কমিটি’ (সিডব্লিউসি)-কে জানানো হয়। যদিও সিডব্লিউসি-এর চেয়ারম্যান সহেলি রায়চৌধুরী হাসপাতালের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর মতে, “নাবালিকার নিরাপত্তা নিশ্চিত করা হাসপাতালের দায়িত্ব ছিল। এত বড় গাফিলতি মেনে নেওয়া যায় না। এটি পকসো আইনের আওতায় আসা উচিত।”
উত্তর শহরতলির এক এলাকায় সম্প্রতি স্বাস্থ্যকর্মীরা ১২ বছরের ওই মেয়েটিকে অন্তঃসত্ত্বা অবস্থায় খুঁজে পান। ২৮ ফেব্রুয়ারি প্রসব যন্ত্রণা ওঠায় স্থানীয় এক পুরপ্রতিনিধির উদ্যোগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সে এক কন্যাসন্তানের জন্ম দেয়। এরপর মঙ্গলবারই পুরপ্রতিনিধি বিধাননগরের নগরপাল, সিডব্লিউসি ও জেলা প্রশাসনকে চিঠি দিয়ে তদন্তের আবেদন জানান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল। তবে কীভাবে সে অন্তঃসত্ত্বা হল, কার দ্বারা এটি ঘটল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, ওই নাবালিকা এক পরিচিতের বাড়িতে থাকত। পুলিশ সেখানে খোঁজ নিতে গেলে দেখা যায়, বাড়িতে তালা ঝুলছে, সেই পরিচিত ব্যক্তিও উধাও। হাসপাতালের সুপার পার্থপ্রতিম গুহ জানিয়েছেন, “মঙ্গলবার গভীর রাতে নাবালিকাটি শৌচাগারে গিয়েছিল। কিন্তু এরপর আর ফেরেনি। সঙ্গে নিজের টাকা-পয়সা ও মোবাইলও নিয়ে গিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি।”
আরও পড়ুনঃপুলিশের উর্দিতে সৌরভ! জিৎ-প্রসেনজিতের পর এবার ‘খাকি’তে দাদার নতুন ইনিংস?
তবে প্রশ্ন উঠেছে, এত বড় ঘটনায় কেন আগে থেকে কড়া নজরদারি ছিল না? বিধাননগর কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, “নাবালিকা ভর্তি হওয়ার পরপরই কেন পুলিশকে জানানো হয়নি? এই ঘটনায় হাসপাতালের নজরদারির গাফিলতি স্পষ্ট।”
সূত্রের খবর, মেয়েটির বাবা এখানকার বাসিন্দা হলেও মা নাগাল্যান্ডের। কয়েক বছর আগে তারা আলাদা হয়ে যায়, এরপর মেয়েটি এখানকার এক পরিচিতের বাড়িতে থাকতে শুরু করে। জানা গিয়েছে, কিছুদিন আগে সে নাগাল্যান্ডে গিয়ে এক ছেলের সঙ্গে আংটি বদল করে, তারপর ফের ফিরে আসে।বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং নাবালিকার খোঁজ চালাচ্ছে। যদি তাকে পাওয়া যায়, তাহলে তাকে সরকারি হোমে রাখা হবে বলে জানিয়েছেন সিডব্লিউসি কর্তৃপক্ষ। কিন্তু সদ্যোজাত শিশুটির ভবিষ্যৎ কী হবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
