দেশের খবর
মুম্বইয়ে প্রয়াত মনোজ কুমার, কিংবদন্তির মৃত্যুতে প্রধানমন্ত্রী মোদীর শোক
ডিজিটাল ডেস্কঃ বলিউডে নেমেছে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা, পরিচালক ও চিরসবুজ ‘ভারত কুমার’ নামে পরিচিত মনোজ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, লিভার সিরোসিসের কারণেই তাঁর মৃত্যু।
মনোজ কুমারের প্রকৃত নাম ছিল হরিকৃষ্ণণ গোস্বামী। জন্ম ১৯৩৭ সালে, অবিভক্ত ভারতের (বর্তমান পাকিস্তান) অ্যাবটাবাদে। মাত্র ২০ বছর বয়সে, ১৯৫৭ সালে বলিউডে পা রাখেন ‘ফ্যাশন’ ছবির মাধ্যমে। তারপর একের পর এক চলচ্চিত্রে নজরকাড়া অভিনয়ে মন জয় করেন দর্শকদের। ‘কাচ কি গুড়িয়া’ (১৯৬১) ছবিতে অভিনয় করে প্রথমবার সাড়া ফেলেন তিনি। এরপর ‘গুমনাম’ (১৯৬৫), ‘উপকার’, ‘পূরব অউর পশ্চিম’, ‘শোর’, ‘ক্রান্তি’-র মতো জনপ্রিয় ছবিতে নিজের জাত চিনিয়ে বলিউডে পোক্ত জায়গা করে নেন। দেশাত্মবোধক চরিত্রে অভিনয়ের জন্য ‘ভারত কুমার’ নামেই সমাধিক পরিচিত হয়ে ওঠেন তিনি।
আরও পড়ুনঃ ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ, পরিবেশ রক্ষায় সরব মিমি চক্রবর্তী
তাঁর পরিচালিত ছবি ‘রোটি কাপড়া অউর মকান’ (১৯৭৫) শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, মনোজ কুমারকে এনে দেয় ফিল্মফেয়ারের সেরা পরিচালকের সম্মান। ১৯৯২ সালে তাঁকে ভারত সরকার ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে। ২০১৫ সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ও লাভ করেন তিনি। ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রাখেন মনোজ কুমার। বিজেপিতে যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে রাজনীতি ও অভিনয় জগত থেকে সরে আসেন তিনি।মনোজ কুমারের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্রজগৎ।
এক্স (প্রাক্তন টুইটার)-এ শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক বিশিষ্টজন। ছেলেবেলায় বাবার অনুপ্রেরণায় বলিউডে আসা কুণাল গোস্বামী জানিয়েছেন, শনিবার সকালেই শেষকৃত্য সম্পন্ন হবে। একজন অভিনেতা, পরিচালক, দেশপ্রেমিক শিল্পী হিসেবে মনোজ কুমার নিজের এক অনন্য অবস্থান তৈরি করেছিলেন। তাঁর প্রয়াণে এক স্বর্ণযুগের অবসান ঘটল।
Deeply saddened by the passing of legendary actor and filmmaker Shri Manoj Kumar Ji. He was an icon of Indian cinema, who was particularly remembered for his patriotic zeal, which was also reflected in his films. Manoj Ji’s works ignited a spirit of national pride and will… pic.twitter.com/f8pYqOxol3
— Narendra Modi (@narendramodi) April 4, 2025
