খুন
চিত্তরঞ্জনে রেলকর্মীর স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার, খুন না লুট? তদন্তে পুলিশ
ডিজিটাল ডেস্কঃ চিত্তরঞ্জন রেল কলোনির ২৮ নম্বর স্ট্রিটে এক রেলকর্মীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার সন্ধেয় ওই কলোনির একটি ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ৫৬ বছর বয়সি সঞ্চিতা চৌধুরীর নিথর দেহ। তিনি রেলকর্মী প্রদীপ চৌধুরীর স্ত্রী।
আরও পড়ুনঃ জলাজমি বুজিয়ে রাজত্ব, সিন্ডিকেট নিয়েই খুন রেহানকে
সূত্রের খবর, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন সঞ্চিতা। কাজ শেষে বাড়ি ফিরে স্ত্রীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন প্রদীপ। ঘরের মেঝেতে রক্ত ছড়িয়ে এবং আলমারি সম্পূর্ণ লন্ডভন্ড অবস্থায় ছিল। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলে কুলটি থানার পুলিশ, এসিপি এবং আরপিএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানায়, নিহতার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ধারালো অস্ত্র দিয়েই হত্যা করা হয়েছে তাঁকে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব নয়।
তদন্তকারীদের অনুমান, লুটপাটের উদ্দেশ্যে ঢোকা দুষ্কৃতীরা বাধা পেয়ে খুন করে থাকতে পারে সঞ্চিতাকে। তবে অন্য কোনও পারিবারিক বা ব্যক্তিগত কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
