সম্পত্তির লোভে কাকাকে খুন! চলন্ত ট্রেনের সামনে ধাক্কা, চাঞ্চল্য রায়গঞ্জে
Connect with us

রায়গঞ্জ

সম্পত্তির লোভে কাকাকে খুন! চলন্ত ট্রেনের সামনে ধাক্কা, চাঞ্চল্য রায়গঞ্জে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সম্পত্তির লোভে কাকাকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। সোমবার রাতে রায়গঞ্জের কুমারডাঙ্গী এলাকায় রেললাইন থেকে মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম মদন সাহা (৫৪)। তার বাড়ি রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায়। অভিযুক্তের নাম প্রসেনজিৎ সাহা ওরফে রানা। পেশায় তিনি প্রাথমিক শিক্ষক। সম্পর্কে তিনি মদন বাবুর ভইপো।

ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। সম্পত্তির জন্য দীর্ঘদিন থেকে প্রসেনজিৎ মদন বাবু ও তার পরিবারের উপর অত্যাচার করছিল বলে অভিযোগ। পরিবার সূত্রের খবর, সোমবার রাতে প্রসেনজিৎ মদন বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই মদন বাবু নিখোঁজ ছিল। পরিবারের দাবি রাতে রায়গঞ্জ থানায় মিসিং ডায়েরি ও করা হয়। গভীর রাতে রেললাইন থেকে উদ্ধার হয় মৃতের দ্বিখন্ডিত দেহ। এই ঘটনার খবর সামনে আসতেই মঙ্গলবার সকাল থেকেই মৃতের বাড়ির সামনে জমায়েত হতে শুরু করেন মানুষজন।

মৃতের বোন বাসন্তী রানী দাস বলেন, প্রসেনজিৎ দীর্ঘদিন থেকে মদন বাবু এবং তার পরিবারের উপর আক্রমণ করছিল। প্রসেনজিৎ একজন কুখ্যাত দুষ্কৃতি। গত সপ্তাহের সোমবার বাড়িতে এসে হুমকি দেওয়ার পাশাপাশি গালিগালাজ এবং মদন বাবুকে মারধর করে সে। এরই মধ্যে সোমবার রাতে বাড়ি থেকে প্রসেনজিৎ মদন বাবুকে ডেকে নিয়ে যায়। তারপর চলন্ত ট্রেনের সামনে তাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়।

আরও পড়ুন – নদী থেকে উদ্ধার কার্তুজ, শোরগোল ইসলামপুরে

Advertisement
ads

মৃতের মেয়ে সংঘমিত্রা সাহা বলেন, মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে আক্রমণ করত প্রসেনজিৎ। পুকুর সহ অন্যান্য সম্পত্তি নেওয়ার জন্য বারবার হুমকি দিত। এই ঘটনার পর থেকেই পলাতক প্রসেনজিৎ। তিনি অভিযুক্তের ফাঁসি চেয়েছেন।

খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃতের বাড়িতে আসেন ঐ ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা রায়গঞ্জ পৌরসভার উপ-প্রশাসক অরিন্দম সরকার। তিনি ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, নিপাট ভদ্রলোক ছিলেন মদন বাবু। তার এমন পরিনিতি সত্যিই দুর্ভাগ্যজনক। পুলিশ ঘটনার তদন্ত করবে। দোষী ব্যক্তির চরমতম সাজা হোক। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন – ফের রেল দুর্ঘটনা! দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২ চালক

Advertisement
ads
Continue Reading
Advertisement