ভিন রাজ্যে মৃত্যু শ্রমিকের, কফিনবন্দী দেহ আসতেই শোকের ছায়া এলাকায়
Connect with us

মালদা

ভিন রাজ্যে মৃত্যু শ্রমিকের, কফিনবন্দী দেহ আসতেই শোকের ছায়া এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ০৬ মার্চ : ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। এঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদা জেলার মানিকচক থানার চৌকি মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের চাইটোলা গ্রামে। মৃত যুবকের নাম সমীর ঘোষ।

জানা গিয়েছে, তিন মাস আগে গ্রামের বেশকিছু যুবকের সাথে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন সমীর। উড়িষ্যা রাজ্যের বৌদ্ধ জেলার ধবল সেতু নির্মাণের কাজ করছিলেন সমীর। ৪ মার্চ সেতুর ওপর থেকে কাজ করতে গিয়ে আচমকাই পড়ে যায় সে। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শনিবার দুপুরে নাগাদ তার মৃতদেহ এসে পৌঁছয় চাইটোলা গ্রামে। যদিও পরিবারের একমাত্র রোজগেরের মৃত্যুতে অথৈ জলে পড়েছে ওই পরিবারটি। এব্যাপারে সরকারি সহায়তা আর্জি জানিয়েছে দুঃস্থ ওই পরিবারটি।গ্রামবাসী অভিরাম মন্ডল, নির্মল মন্ডল জানিয়েছেন আর্থিক অবস্থা খুবই খারাপ এই পরিবারের। সে কারণে পেটের তাগিদে পরিযায়ী শ্রমিকের কাজ করতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন সমীর ঘোষ। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। এই মুহূর্তে প্রশাসনের কাছে এই পরিবারকে সমস্ত রকমভাবে সহায়তার আর্জি জানিয়েছেন তিনি। যদিও ওই পরিবারটিকে আগামীদিনে সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন চৌকি মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিন্টু আলী। তিনি জানিয়েছেন, আমরা খোঁজখবর নিয়েছি পরিবারটির। পরিযায়ী শ্রমিকের কাজ করতে উড়িষ্যা গিয়েছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তার। শনিবার তার মৃতদেহ আনা হয়েছে এলাকায় এবং এখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। পঞ্চায়েত থেকে যাবতীয় সাহায্যের চেষ্টা করা হবে মৃতের পরিবারটিকে।