রাজনীতি
দলবদলের পরই গোবর জল দিয়ে শুদ্ধিকরণ বিধায়কের অফিস
নিউজ ডেস্ক , ০৩ মার্চ : মঙ্গলবার ঘাস ফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। দলবদলের জেরে ক্ষোভ ছড়িয়েছে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। যার জেরে বুধবার বিধায়কের কার্যালয় গোবর জল দিয়ে পরিষ্কার করলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এদিন তৃণমূলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং হরে রাম সিংহের নেতৃত্বে এই কর্মসূচি গ্রহণ করা হয়। প্রসঙ্গত, পাণ্ডবেশ্বরের বিধায়ক হিসাবে এই অফিস থেকেই সমস্ত দায়িত্বপ্রাপ্ত কাজকর্ম পরিচালনা করতেন জিতেন্দ্র তিওয়ারি। তাই তিনি বিজেপি-তে যোগ দিতেই সেই অফিসের দখল নিয়ে নিয়েছে তৃণমূল। ওই বিধায়ক কার্যালয়কে রাতারাতি তৃণমূলের পার্টি অফিসে পরিণত করা হয়েছে। দখলের পর বিধায়কের অফিসের এমএলএ সাইন বোর্ডটি খুলে ফেলার পাশাপাশি দরজা থেকে বিধায়কের নাম লেখা নেমপ্লেট খুলে তা ভেঙ্গে দেওয়া হয়।পাশাপাশি স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় বিধায়কের কাটআউট বানিয়ে তাতে জুতোর মালা পরিয়েছেন পরিবহন শ্রমিকরা এবং বিধায়কের কুশপুতুলও দাহ করা হয় এদিন। উল্লেখ্য, মঙ্গলবার হুগলির বৈদ্যবাটিতে আয়োজিত বিজেপির এক জনসভায় গেরুয়া শিবিরে যোগদান করেন জিতেন্দ্র তিওয়ারি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজীব বন্দোপাধ্যায় এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।
