রাজনীতি
‘বাংলা বলা যদি অপরাধ হয়, তবে মোদী কি বলবেন বাংলায়?’— তৃণমূলের কটাক্ষ
ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ নেহরু স্টেডিয়ামে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এর আগে মে মাসে উত্তরবঙ্গ সফর করেছিলেন মোদী। এবারের সফর ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রধানমন্ত্রী বাংলায় আসার আগে ‘বাংলা বিতর্ক’ ফের উস্কে দিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর মন্ত্রীসভার সদস্য শশী পাঁজা (Shashi Panja) বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মোদীকে সরাসরি প্রশ্ন করলেন— “এবারও কি আপনি বাংলায় বলবেন?”
তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষীদের উপর একের পর এক হেনস্থার ঘটনা ঘটছে। ওড়িশা, দিল্লি, এমনকি উত্তর-পূর্ব ভারতেও ‘বাংলাভাষী মানেই বাংলাদেশি’ — এই অপবাদে আটক, অপদস্থ ও জিজ্ঞাসাবাদের শিকার হচ্ছেন বহু পরিযায়ী শ্রমিক। এমনকি তাঁদের ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে পুশব্যাক করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
শশী পাঁজা বলেন, “আপনি তো বাংলায় দাঁড়িয়ে বাংলায় কথা বলেন, দিদিকে ডি-ডি বলেন। কিন্তু সেই বাংলা ভাষা কি আপনার দলের শাসিত রাজ্যে অপরাধ হয়ে দাঁড়িয়েছে?”
আরও পড়ুনঃ ৫৪০০ কোটির প্রকল্প ঘোষণা, মোতিহারিতে বাংলার উন্নয়ন রূপরেখা স্পষ্ট করলেন মোদী
তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “দুর্গাপুরের সভায় বলুন না, বাংলা বলা কি অপরাধ? আপনার সরকারের রাজ্যগুলোতে কেন বাংলা ভাষার উপর এই বৈষম্য?”
তিনি আরও বলেন, দিল্লির বসন্তকুঞ্জ বা জয়হিন্দ কলোনির মতো এলাকাগুলিতে বাংলা ভাষাভাষীদের উপর ‘নির্যাতন’ চলছে, আর প্রধানমন্ত্রী বাংলার সভা শেষে আবার সেখানেই ফিরে যাবেন। তৃণমূল নেত্রীর দাবি, মোদী যেন পরিযায়ী শ্রমিকদের খোঁজ নেন এবং জানান, তাঁর সরকারের কাছে ‘বাংলা ভাষা’ আদৌ অপরাধ কি না।
এই মন্তব্য ঘিরে মোদীর দুর্গাপুর সফরের রাজনৈতিক গুরুত্ব যে বাড়ল, তা বলাই বাহুল্য।
