ভাইরাল খবর
মোদীর সভার দিনে দিল্লিতে তলব, সংগঠনে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিলীপ ঘোষ
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিজেপির অভ্যন্তরীণ টানাপোড়েন ফের উঠে এল প্রকাশ্যে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) যে সংগঠনে একরকম কোণঠাসা হয়ে পড়েছেন, তা নতুন নয়। তবে শুক্রবারের ঘটনা জানিয়ে দিল, দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনার ঢেউ এবার দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দুর্গাপুর সফরের দিনেই দিলীপ ঘোষকে তলব করা হল রাজধানীতে। সকালেই বিমানে দিল্লিতে পৌঁছে যান তিনি। সোজা যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার (JP Nadda) বাসভবনে। তবে বাড়িতে উপস্থিত না থাকায় বৈঠক হয়নি তখনই, সন্ধ্যায় ফিরতে বলেছে কেন্দ্রীয় নেতৃত্ব।
এদিকে, প্রশ্ন উঠছে— দলের ভিতরে ক্রমশ গুরুত্ব হারানো দিলীপ ঘোষকে আদৌ কোনও পদ দেওয়া হবে কি?
লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুরে পরাজয়ের পর থেকেই তিনি সংগঠনে গুরুত্ব হারিয়েছেন। রাজ্য নেতৃত্বের একাংশ বলছেন, তাঁর মধ্যে অস্থিরতা দিন দিন বাড়ছে, যা সঙ্ঘচিন্তাধারার সঙ্গে খাপে খায় না।
আরও পড়ুনঃ ‘বাংলা বলা যদি অপরাধ হয়, তবে মোদী কি বলবেন বাংলায়?’— তৃণমূলের কটাক্ষ
সূত্র অনুযায়ী, এই মুহূর্তে দিলীপ ঘোষকে কোনও কেন্দ্রীয় পদ দেওয়ার সম্ভাবনা নেই। কারণ, নাড্ডা নিজেই আপাতত কার্যনির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। বিজেপির পরবর্তী সভাপতি নির্বাচনের পর বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে। সেই সময় দিলীপ ঘোষের ভাগ্য ফিরতে পারে, তবে তাও নির্ভর করছে তাঁর বর্তমান ভূমিকার উপর।
আরএসএস সূত্রের খবর, সঙ্ঘেরও কিছু অসন্তোষ রয়েছে দিলীপের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে। তাই আপাতত তাঁকে “observe and wait” স্টান্সে রাখতেই পারে বিজেপি নেতৃত্ব। তবে রাজনৈতিক মহলের ধারণা, সঙ্ঘের সক্রিয় হস্তক্ষেপে হয়তো দিলীপ ঘোষ ফের কোনও গুরুত্বপূর্ণ জায়গায় ফিরতে পারেন—তবে তা সময়ই বলবে।
