ভাইরাল খবর
এসআইআর রিপোর্টে বিশাল অসঙ্গতি, বাংলায় ভোটার তালিকা পুনর্বিবেচনা
ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে জমা থাকা তথ্যের সঙ্গে বাংলার বর্তমান এসআইআর (SIR – Special Intensive Revision) প্রক্রিয়ায় উঠে আসা পরিসংখ্যান মেলেনি বলে জানা গিয়েছে। শনিবার অনুষ্ঠিত হয় রাজ্য নির্বাচন কমিশন ও দিল্লির আধিকারিকদের বৈঠক। কমিশনের আশঙ্কা— বাংলায় ‘সন্দেহভাজন ভোটার’ (Suspected Voter)–এর সংখ্যা বর্তমান পরিসংখ্যানের চেয়ে প্রায় তিনগুণ বেশি হতে পারে। তাই এসআইআর–এর প্রতিটি তথ্য খুঁটিয়ে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শুনানি পর্বে এইআরও (ARO) ও ইআরও (ERO)–দের জন্য নতুন অ্যাপ আনার পরিকল্পনা রয়েছে।
রিপোর্ট বলছে, স্পেশাল ইনটেনসিভ রিভিশন শেষে খসড়া ভোটার তালিকা (Draft Voter List) থেকে বাদ যেতে পারে ৫৪–৫৫ লক্ষ নাম। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন, আর চূড়ান্ত তালিকা আসবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি। শনিবার পর্যন্ত পাওয়া তথ্যে আন-কালেক্টেবল (Uncollectable) ফর্মের সংখ্যা ৫৫,৩১,৪২৩। এর মধ্যে— মৃত ভোটার ২৩,৮১,০৪৯, স্থানান্তরিত ভোটার ১৯,৩১,৩৮৪, ডুপ্লিকেট ভোটার ১,২৮,৪৯৯ এবং অন্যান্য ৪৪,৭৫১।
মূলত চারটি ক্ষেত্রেই কোনও ফর্ম আনকালেক্টেবল থাকে— মৃত্যু, ডুপ্লিকেট কার্ড, ভোটার নিখোঁজ থাকা এবং স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তর (Permanent Migration)। এর মধ্যেই দাবি উঠেছিল, রাজ্যের ২২০৮ বুথে নাকি কোনও মৃত বা স্থানান্তরিত ভোটার নেই। কিন্তু নতুন রিপোর্টে সেই সংখ্যা নেমে এসেছে ‘সিঙ্গল ডিজিটে’। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ৭৬০ বুথে মৃত্যুহীন ভোটারের যে দাবি ছিল, নতুন রিপোর্টে তা তীব্রভাবে কমেছে। কমিশন এ নিয়ে জেলা শাসকদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে।


