ভোটের খবর
বিতর্কিত মন্তব্যের জের। দিলীপ ঘোষকে শোকজ নোটিশ নির্বাচন কমিশনের
নিউজ ডেস্ক , ১৩ এপ্রিল : শীতলকুচির ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে৷ এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি নেতৃত্ব৷ অন্যদিকে, বিজেপি’র নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী এই কাজ করছে বলে পাল্টা সুর চড়িয়েছেন তিনি৷
এরই মধ্যে তরজার পারদ চড়ান বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ শীতলকুচিকাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে এবার তাঁকে শোকজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন৷ বুধবার সকাল ১০টার মধ্যে রাজ্য় বিজেপি সভাপতিকে জবাবদিহি করতে বলেছে কমিশন। ১০ই এপ্রিল চতুর্থ দফার ভোট চলাকালীন কোচবিহারের শীতলকুচিতে সিআরপিএফ-এর গুলিতে নিহত হন চার ভোটার। কমিশন ও কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীর উপর এই মৃত্যুর দায় চাপান তৃণমূল নেত্রী। এরপর দিনই গত ১১ই এপ্রিল ‘বিদ্বেষমূলক’ মন্তব্য করেন দিলীপ ঘোষ। রীতিমতো হুমকির সুরে তিনি বলেছিলেন, “জায়গায় জায়গায় শীতলকুচিব হবে।” দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধে কমিশনে নালিশ করে তৃণমূল। তার প্রেক্ষিতেই রাজ্য বিজেপি সবাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিল কমিশন। যদিও মুর্শিদাবাদের বহরমপুরে দলীয় প্রার্থীর প্রচারে গিয়েছেন দিলীপ ঘো তাই তিনি কমিশনের কোনো নোটিশ এখনও পর্যন্ত হাতে পাননি বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। কমিশনের চিঠি হাতে পেলে তবেই প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন তিনি।
