বাড়ছে কোভিড, সতর্ক বার্তা স্বাস্থ্য দফতরের, মাস্ক পরার অনুরোধ
Connect with us

রাজ্যের খবর

বাড়ছে কোভিড, সতর্ক বার্তা স্বাস্থ্য দফতরের, মাস্ক পরার অনুরোধ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও (West Bengal) ধীরে ধীরে বাড়ছে করোনা ভাইরাস (Covid-19) সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, শনিবার (৩১ মে) দুপুর পর্যন্ত বাংলায় মোট ১১৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। অথচ এক সপ্তাহ আগেও, ২৬ মে-তে এই সংখ্যাটি ছিল মাত্র ১৪। ফলে এক ধাক্কায় সংক্রমণ বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শুক্রবার একদিনেই নতুন করে ৫৯ জন কোভিড পজিটিভ (Covid Positive) রোগীর সন্ধান মিলেছে। যদিও স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। কারণ আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই উপসর্গ হালকা এবং প্রায় সকলেই টিকাপ্রাপ্ত। চিকিৎসাধীন অধিকাংশ রোগী বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

এদিকে খড়গপুর আইআইটি (IIT Kharagpur)-র এক গবেষক ছাত্রের কোভিড আক্রান্ত হওয়ার খবর মিলেছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গি (Soumyashankar Sarangi) জানান, “আমরা আইআইটি-র এক গবেষকের করোনা রিপোর্ট পেয়েছি। উপসর্গগুলি অনেকটা আগের মতোই—জ্বর, কাশি, স্বাদ ও গন্ধ না পাওয়া, সর্দি। যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের ভয় পাওয়ার কিছু নেই। তবে সবাইকে মাস্ক পরার ও শারীরিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করছি।”

কলকাতা (Kolkata) শহরে ২১ জনের করোনা সংক্রমণের খোঁজ মিলেছে, বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা। আক্রান্তদের কয়েকজন শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকলেও, কারওই শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলে সূত্রের খবর। তবু, সুরক্ষার স্বার্থে তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে।

Advertisement
ads

উল্লেখ্য, জাতীয় স্তরেও ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। মুম্বই (Mumbai), চেন্নাই (Chennai), দিল্লি (Delhi), কেরল (Kerala) ও তামিলনাড়ু (Tamil Nadu)-তে সংক্রমণ বাড়ছে। সম্প্রতি গবেষণায় জানা গিয়েছে, কোভিডের দু’টি নতুন সাব ভ্যারিয়েন্ট—NB.1.8.1 ও LF.7—সংক্রমণের জন্য দায়ী। উভয় প্রজাতিই ওমিক্রনের (Omicron) উপ-প্রজাতি। এই ভ্যারিয়েন্টগুলির উপস্থিতি মিলেছে দেশের বিভিন্ন সংক্রমিত অঞ্চলে।

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ভয় নয়, সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ রোখা সম্ভব।