রায়গঞ্জ
কেন্দ্র বাহিনী নিয়ে কড়া নিরাপত্তায় বাড়ি বাড়ি গিয়ে বর্ষিয়ান নাগরিকদের ভোট নিচ্ছেন কমিশন নিযুক্ত আধিকারিকরা
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ১৬ এপ্রিল: করোনা আবহের মধ্যে এবছর অনুষ্ঠিত হচ্ছে রাজ্য বিধানসভা নির্বাচন।
আর সেকারণেই অশীতিপর ভোটারদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবারই প্রথম বাড়ি বাড়ি গিয়ে ব্যালট পেপারে ভোট সংগ্রহ করছেন নির্বাচন কমিশনের নিযুক্ত আধিকারিকরা। শুক্রবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ ভোটারদের ব্যালটের মাধ্যমে ভোট নেন তারা। জানা গেছে এদিন রায়গঞ্জের ২৬ নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায় গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা কয়েকজন বর্ষীয়ান ভোটারের ভোট নেন। কমিশনের তরফ থেকে এদিন প্রিসাইডিং ও ফার্স্ট পোলিং অফিসার সহ অন্যান্য আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ নিয়ে কড়া নিরাপত্তায় ওই ওয়ার্ডের চারটি বুথের মধ্যে একটি বুথের ২ বর্ষীয়ান নাগরিকের ভোট নেন। প্রথমে ভোটদান পদ্ধতি সম্পর্কে তাদের বুঝিয়ে দেন প্রিসাইডিং অফিসার। গোপনীয়তা বজায় রাখতে ওই ভোটারের বাড়িতে অস্থায়ী কমপার্টমেন্ট তৈরি করা হয়। একটি খাম সহ ব্যালোট পেপার সংশ্লিষ্ট ভোটারকে দেওয়া হচ্ছে। এরপর ওই কমপার্টমেন্টের কক্ষে ব্যালোট পেপারে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সেটি খামে পুরে মুখ বন্ধ অবস্থায় প্রিসাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হয়। কমিশনের তরফে সেই মুখ বন্দি খাম সিল করে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের এই অভিনব উদ্যোগ স্বভাবতই প্রশংসা কুড়িয়েছে বর্ষিয়ান নাগরিকদের কাছে। তাদের বক্তব্য অনেকেই বয়সের ভারে ন্যুব্জ হয়ে গিয়েছেন। চলাফেরা করতে পারেন না। এমতাবস্থায় বাড়িতে এসে ভোট নেওয়া কিংবা বাড়িতে বসেই নিজের ভোটাধিকার প্রয়োগ করা এই নতুন পদ্ধতিতে স্বভাবতই খুশি অশীতিপর মানুষগুলো।
