কলকাতা
৭ হাজার পাস, বাকি ১৮ হাজার কোথায়? বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তোপ বিজেপির
ডিজিটাল ডেস্কঃ সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরি হারানো প্রার্থীদের বৈঠক ঘিরে নতুন করে রাজনৈতিক পারদ চড়ল। এদিন বিধানসভার বাইরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করে বলেন, “এই বৈঠকের পাস বিলি হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে। “মুখ্যমন্ত্রী নন, তৃণমূল নেত্রী” হিসেবে বৈঠক ডাকেছেন উনি।”
শুভেন্দুর অভিযোগ, “৭ হাজার জনকে বৈঠকে ডাকা হয়েছে, বাকি ১৮ হাজারকে কার্যত ‘অযোগ্য’ বলে চিহ্নিত করলেন মুখ্যমন্ত্রী। তাহলে সেই ১৮ হাজারের নাম কেন সুপ্রিম কোর্টে পেশ করা হল না?” একইসঙ্গে তিনি দাবি করেন, তৃণমূলের গুণ্ডাদের মাধ্যমেই পাস বিলি হয়েছে কাদাপাড়ার দলীয় কার্যালয় থেকে।
আরও পড়ুনঃ চাকরি হারানোদের সভায় মুখ্যমন্ত্রী, ‘অযোগ্যদের’ পাস বিতরণ নিয়ে বিক্ষোভ
তাঁর আরও অভিযোগ, “২০২২ সালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ৫,৫০০ জন অবৈধভাবে চাকরি পেয়েছেন। সেদিন যদি সরকার সত্যি মেনে নিত, আজ ২৬ হাজার চাকরি হারাত না। এই অবৈধদের বাঁচাতে সরকার সুপ্রিম কোর্টে ২০০ কোটি টাকার করদাতাদের টাকা খরচ করেছে।” সেই অর্থ ‘ভাইপো’ তুলেছেন বলে শুভেন্দুর দাবি। তিনি আরও বলেন, “এই টাকা গেছে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির মাধ্যমে, যার ডিরেক্টর মুখ্যমন্ত্রীর ভাই অমিত বন্দ্যোপাধ্যায় ও এমডি সুজয়কৃষ্ণ ভদ্র।”
এদিন, রাজ্য সরকারের বিরুদ্ধে চাকরি বাতিলের প্রতিবাদে বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। ‘মমতা চোর’ লেখা প্ল্যাকার্ড হাতে শুভেন্দু অধিকারী নিজেও বিক্ষোভে অংশ নেন।
