কোভিড পরিস্থিতিতে বড়দিনে গীর্জার ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা, মনখারাপ ভক্তদের
Connect with us

রায়গঞ্জ

কোভিড পরিস্থিতিতে বড়দিনে গীর্জার ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা, মনখারাপ ভক্তদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৮ ডিসেম্বর : আগামী ২৫ শে ডিসেম্বর প্রভু যীশুর জন্মদিবস। এদিন গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পরে ক্যারলের সুর,প্রভু যীশুর প্রতি সমবেত প্রার্থনা। তবে এবছর করোনা সংক্রমণের কারনে রায়গঞ্জের মিশন মোড়ে অবস্থিত চার্চে বড়দিন উদযাপনের কর্মসূচী সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন চার্চ কর্তৃপক্ষ। নির্দেশ জারী করা হয়েছে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার। উৎসব সংক্ষিপ্ত হওয়ায় মনখারাপ ভক্তদের।

উল্লেখ্য প্রতিবছর প্রভু যীশুর জন্মদিন অর্থাৎ ২৫-শে ডিসেম্বর রকমারী আলোকসজ্জা,ক্রীসমাস ট্রী আর সুদৃশ্য সজ্জায় সেজে ওঠে এই চার্চ। রায়গঞ্জ,হেমতাবাদ,কালিয়াগঞ্জ, ইটাহার থেকে হাজার হাজার মানুষ গীর্জায় এসে উপাসনাস্থলে যীশুর উদ্দেশ্যে প্রার্থনা করতেন। এই উপলক্ষে বসতো বিরাট মেলা। কিন্তু কোভিড সংক্রমন এবছর বদলে দিয়েছে জীবনের স্বাভাবিক ছন্দ। অগনিত মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে সারাদেশে আনলক পর্বে একাধিক বিধিনিষেধ জারী রয়েছে। এই পরিস্থিতিতে এবার গীর্জায় প্রচলিত উৎসব বাতিল করে দিয়েছেন কর্তৃপক্ষ। জানা গিয়েছে করোনা সংক্রমণের কারনে এবারে দর্শনার্থীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। মূলগেটের সামনে ছোটো করে যীশুর শৈশব কালের ঘটনা তুলে ধরা হবে। সাধারন মানুষ বাইরে থেকে তা দর্শন করবেন। গীর্জার ফাদার নাজারুস হেমব্রম বলেন,” কোভিডের কারনে দর্শনার্থীদের এবারে গীর্জার ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না, সামাজিক দূরত্ববিধি মেনে,মাস্ক পরে বাইরে থেকে প্রভু যীশুর জীবনী দেখতে পারা যাবে। এবছর মেলা ও অন্যান্য অনুষ্ঠান ও বন্ধ রাখা হয়েছে।” উৎসবে কাঁটছাট করা হলেও প্রভু যীশুর জন্মদিন পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন গীর্জা কর্তৃপক্ষ। সাজিয়ে তোলা হচ্ছে প্রার্থনা ঘর সহ গীর্জার অন্যান্য প্রান্ত। তবে বর্নময় উৎসবে এবছর যোগ দিতে নাপারায় মনখারাপ সকলের।