ভাইরাল খবর
“বিজেপি গদি চোর, বাংলা বিরোধী দল”: বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিস্ফোরক আক্রমণ
ডিজিটাল ডেস্কঃ বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ডাকা হয়েছিল বিশেষ অধিবেশন, কিন্তু বিধানসভায় তা কার্যত রূপ নেয় তীব্র রাজনৈতিক সংঘাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বক্তব্য শুরু করতেই বিজেপি বিধায়কদের (BJP MLAs) স্লোগান, টেবিল চাপড়ানি ও হইচইয়ে থমকে যায় অধিবেশন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বারবার শান্ত থাকার আবেদন জানান, কিন্তু কাজ হয়নি।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভে বলেন, “আমি সময় দিয়ে ওদের বলার সুযোগ দিয়েছিলাম। এরা বাংলা ভাষা নিয়ে আলোচনা করতে চায় না। বিজেপি গদি চোর, ভোট চোর, অত্যাচারী, বাংলার শত্রু। বাংলার মানুষ ওদের আর দেখতে চায় না। ধিক্কার জানাই।”
এরপর উত্তেজনার পারদ চরমে পৌঁছায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাসপেনশনের পর এদিন শাস্তির মুখে পড়েন আরও দুই বিজেপি বিধায়ক—শঙ্কর ঘোষ (Shankar Ghosh) ও অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্পিকারের নির্দেশে তাঁদেরও একদিনের জন্য সাসপেন্ড করা হয়। সেই সিদ্ধান্ত ঘিরে ফের উত্তেজনা ছড়ায় বিধানসভা কক্ষে।
বিজেপির অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধীদের কণ্ঠরোধ করছে। স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
মুখ্যমন্ত্রী বক্তব্য চালিয়ে গেলেও, একসময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তাঁকেও মাঝপথে থামতে হয়। শেষ পর্যন্ত, যেভাবে বাংলা ভাষা রক্ষার আলোচনা শুরু হয়েছিল, তা ম্লান হয়ে যায় রাজনৈতিক কাদা ছোড়াছুঁড়ির মাঝে।


